প্রদর্শনীর নাম বিশ=চল্লিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
গ্যালারি কায়ায় প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

প্রদর্শনীর নাম ‘টোয়েন্টি=ফরটি’! কেন?
আমন্ত্রণপত্রে এমন নাম দেখে মনে কিঞ্চিৎ বিস্ময়মাখা প্রশ্ন জাগে। অবশেষে গতকাল বিকেলে উত্তরার গ্যালারি কায়ায় গিয়ে বোঝা গেল এমন নামের কারণ। ২০ জন শিল্পীর ৪০টি ছবি নিয়ে এ চিত্র প্রদর্শনী। ঠিকই আছে, শিল্প দিয়েই তো শিল্পীর পরিমাপ!
এ চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের সমসাময়িক নবীন-প্রবীণ চিত্রশিল্পীরা। অনেক ছবিই নিসর্গের। এই যেমন হামিদুজ্জামান খান জলরঙে এঁকেছেন সমুদ্রতীরের ছবি। তেমনি পাহাড়ের দেখা মেলে মোহাম্মদ ইকবালের ছবিতে। কামালুদ্দিন আঁকেন পাহাড়ি গ্রামের ছবি।
শুধু নিসর্গের ছবি নয়, অন্য রকম ছবিও আছে। যেমন রুহুল আমিনের ছবিটি, সেখানে ধরা পড়ে সময় ও বাস্তবতার জটিলতা। মিশ্র মাধ্যমে মোহাম্মদ ইউনূস তিনটি ছবিতে আঁকেন বিভিন্ন রকম কম্পোজিশন।
প্রদর্শনীতে আরও যাঁদের ছবি আছে তাঁরা হলেন সমরজিৎ রায়চৌধুরী, মাহমুদুল হক, চন্দ্র শেখর দে, তরুণ ঘোষ, রতন মজুমদার, রণজিৎ দাশ, গোলাম ফারুক, রফি হক, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান, নগরবাসি বর্মণ, আশরাফুল হাসান, বিশ্বজিৎ গোস্বামী, সোহাগ পারভেজ ও আরিফুল ইসলাম। ছবিগুলো তাঁরা এঁকেছেন জলরং, তেলরং, কলম, উডকাট প্রিন্ট, এচিং, সেরিগ্রাফি, প্যাস্টেল, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে।
গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।
এ প্রদর্শনীর পৃষ্ঠপোষক এডিএন গ্রুপ।
আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন ছবি দেখার সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।