প্রদর্শনীর নাম 'ণৃ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগর ভবনে শিল্পী শাহিদা আফরিনের একক শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
রাজশাহী নগর ভবনে শিল্পী শাহিদা আফরিনের একক শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

‘ণৃ’ শব্দের অর্থ মাটি। পাত্রগুলো মাটির তৈরি। এই পাত্রের গায়েই আঁকা সব ছবি। তারই প্রদর্শনী, নাম দেওয়া হয়েছে ‘ণৃ’। গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজশাহী নগর ভবনে। উদ্বোধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য রফিকুল আলম বেগ।
‘ণৃ’ একটি একক প্রদর্শনী। এর শিল্পী প্রকৌশলী শাহিদা আফরিন। এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘প্রকৌশলী হয়েও আফরিন ছবি আঁকেন, এ জন্য গর্ববোধ করছি। এই প্রদর্শনীর মাধ্যমে বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে আধুনিক ঢঙে উপস্থাপন করে জনপ্রিয় করার প্রয়াস রয়েছে। এ জন্য শিল্পীকে অভিনন্দন।’ রুয়েটের আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল মতিন বলেন, ‘নেশা যখন পেশাকে ছাড়িয়ে যায়, তখন তার মাধ্যমে আমরা অনেক কিছু পেতে পারি। যে প্রকৌশলী নিপুণ হাতে মাটির পাত্রে এত সুন্দর ছবি এঁকেছেন, তিনি আমারই ছাত্রী, এটা ভাবতেই ভালো লাগছে।’
প্রদর্শনীতে ৩৩টি পটচিত্র ও ৩১টি বিলুপ্তপ্রায় মাটির পাত্র স্থান পেয়েছে। একই সঙ্গে মাটির পাত্র তৈরির কাজে ব্যবহৃত কুমারের চাকা, কুমারদের কাজের কিছু আলোকচিত্র স্থান পেয়েছে।
শাহিদা আফরিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি বলেন, মাটির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যাতে ঐতিহ্যবাহী এই জিনিসগুলো হারিয়ে না যায়।
আজ শনিবার প্রদর্শনীর শেষ দিন। চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।