প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের অন্য দেশগুলোর চলচ্চিত্র বাংলাদেশে আমদানি করার সিদ্ধান্ত স্থগিত করেছেন। সার্ক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে তিনি চলচ্চিত্রশিল্পের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ।গতকাল সোমবার বেলা ১১টায় এফডিসিতে যখন শিল্পী ও কলাকুশলীরা ভারতীয় চলচ্চিত্র আমদানির প্রতিবাদে সমাবেশ করেন, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত জানা যায়। চলচ্চিত্র ঐক্য পরিষদের অন্যতম নেতা অভিনয়শিল্পী রাজ্জাক সমাবেশে এসে সবাইকে শান্ত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়কে ভারতীয় ছবি আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তাই আপাতত আন্দোলন করার প্রয়োজন নেই।’ রাজ্জাকের বক্তব্যের পর অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম উপস্থিত সবাইকে জানান, ‘২৫ এপ্রিল রাত নয়টায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি ভারতীয় ছবি আমদানির বিষয়টি জানতেন না। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে, উপমহাদেশের চলচ্চিত্র আমদানির বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’হাসান ইমামের বক্তব্যের পর চলচ্চিত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করে। ঐক্য পরিষদের অপর নেতা মিজু আহমেদ জানান, যদি প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন, তবে আমরাও তাঁকে ভালো চলচ্চিত্র উপহার দেব। কিন্তু যদি প্রতিশ্রুতি রক্ষা করা না হয়, তবে আবার আন্দোলন করা হবে।’এদিকে এই সিদ্ধান্ত শোনার পর বিকেলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। ঢাকা মেট্রোপলিটন প্রেক্ষাগৃহ মালিক সমিতির সভাপতি সফর আলী ভূঁইয়া বলেন, ‘আমদানি নীতিমালার আলোকে এরই মধ্যে প্রায় ১২টি ছবি আমদানির জন্য এলসি খোলা হয়েছে। কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কয়েকটি ছবি এসেও গেছে। এখন এই ছবিগুলোর কী হবে? সরকার যে আমদানি নীতিমালা দিয়ে আমাদের এসব ছবি আনতে দিয়েছে, সেসব ছবি প্রদর্শনের সুযোগ দিতে হবে। তা না হলে আমরা আদালতে যাব।’প্রদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, এরই মধ্যে ভারতের মাই নেম ইজ খান, থ্রি ইডিয়টস, ওয়ান্টেড, পাকিস্তানের খোদা কি লিয়ে, এ দিল আপকে লিয়ে, বিবি হোতা অ্যায়সে, নেপালের চলচ্চিত্র দর্পণ ছায়া এবং কলকাতার বাংলা সবার উপরে, সাগরিকাসহ বেশ কিছু ছবি দেশে প্রায় চলে এসেছে। তিনি বলেন, ‘এসব ছবি আনতে অনেক টাকা ব্যয় করেছি আমরা। এখন এর দায় কে নেবে?’