
সংস্কৃতিসেবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করবেন। কারণ, দেশের বর্তমান সংস্কৃতিসেবীরা মনে করছেন, শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, তিনি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সুহৃদ। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই শেখ হাসিনার ৭০তম জন্মদিন উদ্যাপন করা হচ্ছে বলে গতকাল সোমবার সকালে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় শেখ হাসিনার ৭০তম জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শেখ হাসিনার ৭০তম জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হবে। সূচনা বক্তব্য দেবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও শেখ হাসিনার ৭০তম জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ। এ ছাড়া প্রধানমন্ত্রীকে নিবেদিত শুভেচ্ছা বক্তব্য দেবেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ ও লিয়াকত আলী।
অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে শুভেচ্ছা জানাবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও শিমূল ইউসুফ। সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, ফরিদা পারভীন, রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম ও সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার শিল্পীরা। স্বরচিত কবিতা পাঠ করবেন কবি নির্মলেন্দু গুণ, মুহাম্মদ সামাদ ও তারিক সুজাত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার লেখা থেকে পাঠ করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাচিক শিল্পী আশরাফুল আলম, হাসান আরিফ, লায়লা আফরোজ ও আহকামউল্লাহ। থাকবে তাঁর ওপর লেখা কবিতার আবৃত্তিও।