প্রবন্ধের জমিনে যেন নকশিকাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবিতা থেকে গান: নানা পর্বে’ শীর্ষক প্রবন্ধ পড়ছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
‘কবিতা থেকে গান: নানা পর্বে’ শীর্ষক প্রবন্ধ পড়ছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রবন্ধ শুনতে শুনতে মিলনায়তনের চেয়ারে ঘুমিয়ে পড়ার ঘটনা বিরল নয়। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ‘কবিতা থেকে গান: নানা পর্বে’ শিরোনামে গতকাল রোববার সন্ধ্যায় যখন একটি প্রবন্ধ পাঠ করলেন, তখন শ্রোতা-দর্শকদের কেউ ঘুমিয়ে পড়েননি। তাঁরা জেগে ছিলেন, বিমলানন্দ নিয়ে শুনেছেন রবীন্দ্রনাথের কবিতা থেকে গান রচনার প্রেক্ষাপট ও আঙ্গিক নিয়ে। প্রবন্ধটির বিশেষত্ব ছিল, তিনি সেটি পাঠ করেছেন এবং প্রাসঙ্গিক গানগুলো পঠনের ফাঁকে গেয়ে শুনিয়েছেন। ঠিক প্রবন্ধের জমিনে নকশিকাঁথার মতো করে গেঁথে দিয়েছেন গানগুলো। কবিতা থেকে সুরারোপিত ‘তোমারি তরে মা সঁপিনু’, ‘শাওন গগনে’, ‘এমনও দিনে তারে বলা যায়’, ‘বনের পাখি বলে খাঁচার পাখি ভাই’, ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘আমরা দুজনা স্বর্গ খেলনা’ গানগুলোর পেছনের গল্প ও শৈল্পিক কারুকাজ আবিষ্কারের আনন্দ পেয়েছেন শ্রোতারাও।
জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক পঞ্চম বক্তৃতা’র আয়োজন করেছিল বাঙালি সমগ্র জাদুঘর। বক্তা ছিলেন বন্যা। অনুষ্ঠানের শুরুতেই ‘মরিতে চাহি না আমি’, ‘হঠাৎ দেখা’, ‘ভালোবেসে সখী’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ কবিতা ও গানগুলো আবৃত্তি করেন ইকবাল বাহার চৌধুরী। অতিথির বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রবন্ধে বন্যা লিখেছেন, বহু কবিতাকে তিনি (রবীন্দ্রনাথ) গানে রূপান্তরিত করেছেন কাব্যরচনার অনেক পরেও। গানের ক্ষেত্রে বাণী বন্ধনের সীমানা থেকে তাকে বের করে এনেছেন সুরের সহযোগিতায়।
সভাপতি কবি সৈয়দ শামসুল হক বলেন, বন্যার কণ্ঠ নিবেদনের কারণে এই বক্তৃতা ভিন্নমাত্রা পেয়েছে। এমন গীতসমৃদ্ধ বক্তৃতা আর শোনা যায়নি। তিনি বলেন, রবীন্দ্রনাথ প্রায় দুই বছর কবিতা লেখা থেকে বিরত ছিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত গল্প, উপন্যাস লেখা থেকেও বিরত ছিলেন। কিন্তু নিরবচ্ছিন্নভাবে তিনি গান লিখে গেছেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাঙালি সমগ্র জাদুঘরের নির্বাহী পরিচালক তারিক রহমান।
বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১১ সাল থেকে এই স্মারক বক্তৃতা শুরু হয়। এর আগে শুরু থেকে স্মারক বক্তা ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক আনিসুজ্জামান এবং সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের বিরল ও ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষণে ২০০৪ সালে ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর।