প্রবাসী বাঙালিদের ভালোবাসায় মুগ্ধ কবরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবরী
কবরী

সম্প্রতি যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে গিয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত অভিনেত্রী কবরী। সেখানে প্রবাসী বাঙালিদের আপ্যায়ন আর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে থাকেন অভিনেত্রী কবরীর সন্তানেরা। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন তিনি। তাঁর ইচ্ছে ছিল, ভ্রমণের পুরো সময়টা ছেলে, ছেলের বউ, নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাবেন। কিন্তু যে মানুষটা অভিনয় দিয়ে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। চাইলেই কী আর তাঁর নিজের মতো করে থাকা সম্ভব? যুক্তরাষ্ট্রে কবরীকে পেয়ে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করেছে বলেই জানিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এবারের যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কবরী।
যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে কবরী বলেন, ‘সন্তানদের পড়ালেখাসহ আরও নানা কারণে বহুবারই আমাকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে। এবার গেলাম প্রায় বছর পাঁচেক পরে। প্রবাসী বাঙালিদের অনেকেই বলেছেন, আমার উপস্থিতি তাঁদের ঈদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে। তাঁরা আমার সঙ্গে আড্ডা দিয়েছেন, ছবি তুলেছেন। তাঁদের নানা অনুভূতি ভাগাভাগি করেছেন।’

কবরী বলেন, ‘সব মিলিয়ে দুই সপ্তাহ ছিলাম। সময়টা যে কীভাবে পার হয়ে গেছে টেরই পাইনি। এমনও দিন গেছে, আড্ডা দিতে দিতে রাত তিনটা-চারটা কখন বেজে গেছে বুঝতেই পারিনি। পরিবারের পাশাপাশি প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে সময় কাটানোর ব্যাপারটিতে আমি মুগ্ধ।’
এবারের যুক্তরাষ্ট্র সফরে প্রবাসী বাঙালিদের ভালোবাসায় নতুনভাবে উদ্বুদ্ধ হয়েছেন বলেও জানান কবরী। তিনি বলেন, ‘বাইরে থেকে আমরা ভাবি, যুক্তরাষ্ট্রে সবাই কত আরাম-আয়েশে থাকেন। আসলে কী তাই? প্রবাসী ভাই-বোনেরা সবাই কত যে পরিশ্রম করেন; তা বলার অপেক্ষা রাখে না। এত কিছুর পরও তাঁরা এই কটা দিন আমাকে যেভাবে সময় দিয়েছেন তা ভোলার মতো না। দুই সপ্তাহে ডজন খানেকেরও বেশি দাওয়াতে অংশ নিতে হয়েছে। ভাবছি, এবারের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে খুব শিগগিরই লেখালেখি শুরু করব। অনেক কিছুই বলার আছে।’
এদিকে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২২ সেপ্টেম্বর কবরী গিয়েছিলেন দুবাইয়ে। সেখানেও পরিবার-পরিজন নিয়ে তাঁর আরেক সন্তান থাকেন। কয়েকটা দিন সেখানে কাটিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গতকাল শনিবার দেশে ফিরেছেন কবরী। কয়েকটা দিন বিশ্রাম শেষে আবারও কাজে যোগ দেবেন তিনি। খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার শুরু হবে কবরী পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘এই তুমি সেই তুমি’। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।