প্রবাসে এমন বেদনার খবর বড় কষ্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পা এখন যুক্তরাষ্ট্রে। খবরটা শুনে আমরা তিন বোন যেন অনেকটা বাকরুদ্ধ। ববিতা আপা নীরবে কাঁদলেন। সুচন্দা আপার আফসোস, ‘ইশ্, মানুষটাকে শেষবারের মতো দেখা হলো না।’আমি যখন কথা বলছি, তখন অনেক রাত। নিউইয়র্কের রাস্তায় মানুষজনের তেমন কোনো সাড়াশব্দ নেই। আশপাশের ফ্ল্যাটগুলোর বাতি নিভে গেছে কখন। কিন্তু আমাদের কারও চোখে ঘুম নেই। ববিতা আপা একটু আগেই ফরীদি ভাইকে নিয়ে স্মৃতিচারণা করলেন। সুচন্দা আপা বললেন ফরীদি ভাইয়ের সঙ্গে তাঁর স্মৃতিময় ঘটনাগুলো।আমারটা কী বলব। হুমায়ুন ফরীদির সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিটিভির একটি নাটকের শুটিং করতে গিয়ে। আজ এ কথা অকপটে বলতে পারি, ‘নাটকে আমি হুমায়ুন ফরীদির মতো অভিনেতাকে সঙ্গে পেয়ে নিজেকে গর্বিত শিল্পী মনে করেছিলাম সেদিন।’আরও একটি তথ্য দিই। হুমায়ুন ফরীদি ও আমরা থাকতাম পাশাপাশি। সিদ্ধেশ্বরীতে পাশাপাশি ফ্ল্যাট ছিল আমাদের। প্রায়ই আড্ডা হতো, গল্প হতো। ফরীদি ভাই ছিলেন কৌতুক বলার ওস্তাদ। কৌতুক শোনার জন্য তাঁর বাসায় চলে যেতাম, না-হলে তিনি আসতেন। এরপর শুরু হতো আড্ডা। আমার মেয়ে এশা তখন খুব ছোট। এশাকে ফরীদি ভাই আর সুবর্ণা খুব আদর করতেন। এশাকে মাঝেমধ্যে বাসায় নিয়ে যেতেন। এমন এক পারিবারিক বন্ধনে জড়িয়ে ছিলাম আমরা—যেদিন আমি সিদ্ধেশ্বরী ছেড়ে গুলশানে আসি, সেদিন একটা কারণে মন খারাপ হয়েছিল যে ফরীদি-সুবর্ণার মতো এত ভালো বন্ধুকে আর সারাক্ষণ আমরা পাব না।মনে মনে ভাবতাম, একই শহরে থাকব, তার পরও অনেক দূরে চলে যাচ্ছি!ফরীদি ভাই সিনেমায় অভিনয় করবেন, এটা জানার পর তো আমি ভীষণ খুশি। তিনি যখন কাজ শুরু করলেন, তখন আমি পুরোপুরি সিনেমায় ব্যস্ত। একটি ছবির কথা না বললেই নয়, অন্ধ প্রেম। আমি আর মান্না। হুমায়ুন ফরীদি আমার বড় ভাই। মান্নার সঙ্গে তাঁর প্রচণ্ড বিরোধ হয় সিনেমায়। কাজ শুরু হলো। আমি বিস্ময়ের সঙ্গে শুটিং সেটে বসে একজন সাধারণ জীবন যাপন করা মানুষের অস্বাভাবিক অভিনয় দেখি। মনে মনে ভাবি, এই মানুষটিকে এত দিন ধরে চিনি, কিন্তু এ মুহূর্তে যেন তিনি অচেনা। তাঁর চোখ-মুখ যেভাবে ক্যামেরার সামনে কথা বলতে শুরু করল, নিজেই যেন সেখানে কিছুটা ঘাবড়ে যাই। একটি, দুটি করতে করতে ছবির পর ছবিতে আমি আর ফরীদি ভাই কাজ করলাম।একদিন ফরীদি ভাই জানালেন, তিনি পালাবি কোথায় নামের একটি সিনেমা শহীদুল ইসলাম খোকনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন। আমাকে একটি চরিত্রে কাজ করার কথা বলা হয়। আমি তো সানন্দে রাজি হয়ে গেলাম। ছবিতে আরও ছিলেন শাবানা আপা, আলমগীর ভাই, ফরীদি ভাই, সুবর্ণা আপা ও আফজাল হোসেন।ফরীদি ভাই সব জায়গায় সফল হলেও প্রযোজক হিসেবে সফল হলেন না। এরপর আর তিনি ছবি প্রযোজনা করলেন না। বললেন, ‘অভিনয়টা যেহেতু পারি, এটাই করা ভালো।’ফরীদি ভাইয়ের সঙ্গে অনেক দিন হলো যোগাযোগ হয় না। এক দিন এফডিসিতে দেখা হলো তাঁর সঙ্গে। তাঁকে দেখে কিছুটা আঁতকে উঠলাম। বললাম, ‘ফরীদি ভাই, আপনার স্বাস্থ্য খারাপ হয়েছে। আপনি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন। না-হলে বিপদে পড়ে যাবেন।’ ওমা! তিনি আমার কথা শুনে অট্টহাসি দিলেন। বললেন, ‘চম্পা, তাহলে তো বেঁচে যাই।’এরপর আর কোনো দিন দেখা হলো না তাঁর সঙ্গে। এক দিন জয়ন্ত চট্টোপাধ্যায় একটি ধারাবাহিক নাটকে কাজের অফার নিয়ে এলেন। শুনলাম, এখানে ফরীদি ভাইও কাজ করবেন। খুব খুশি হলাম। কিন্তু শুটিংয়ে তাঁকে এক দিনও পেলাম না। জানলাম, তিনি অসুস্থ। সুস্থ হয়েই তিনি শুটিংয়ে আসবেন। ফোন করলাম, তিনি খুব খুশি হলেন। বললেন, ‘অনেক দিন পর আবার একসঙ্গে কাজ করব আমরা।’ কিন্তু না, কাজটা আর করা হলো না।