
একে তো সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, তার ওপর দুপুরের পর মেঘ-রোদের লুকোচুরি খেলা। বৃষ্টি নামলে ভিজছে পথচারী, রোদ উঠলে ঘামে ভিজে একাকার। এমন পরিস্থিতিতে নজরুল সম্মেলনের আয়োজকেরা কিছুটা হলেও চিন্তিত ছিলেন, দর্শক হবে তো! শেষ পর্যন্ত নজরুলেরই জয় হলো। অনুষ্ঠান শুরুর আধঘণ্টা পর দেখা গেল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের প্রায় সব আসন পূর্ণ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী ছিল গত ২৫ মে। ওই দিনটিকে উপলক্ষ করে গতকাল গান, কবিতা ও নাচের পাশাপাশি কথামালায় কবিকে স্মরণ করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। গতকাল বিকেলে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবিজয়ন্তীর এ আয়োজন।
জাতীয় কবির গান ও কবিতা দিয়ে সাজানো এ অনুষ্ঠানে অংশ নেন প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীনেরাও। এ তালিকায় ছিলেন খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, সালাহউদ্দীন আহমেদ, যোশেফ কমল রড্রিক্স, ইয়াকুব আলী খান, সেলিনা হোসেন, করিম হাসান খান, কল্পনা আনাম, মঈদুল ইসলাম, শামীমা পারভীন, নাসিমা শাহীন, শারমিন সাথী ইসলাম, সুমন মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদুল হাসান, রেজাউল করিম, নাহিয়ান দূরদানা সূচি, সুস্মিতা দেবনাথ প্রমুখ।
গুণী শিল্পীদের কণ্ঠে পাওয়া গেল বিচিত্র নজরুলকে। তাঁদের পরিবেশনায় ‘পিয়া গেছে পরদেশ’, ‘দাও শৌর্য দাও ধৈর্য’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘চৈতালি চাঁদনি রাতে’, ‘নয়নে নিদ নাহি’, ‘তোমার আঁখির মতো’, ‘হে প্রিয় আমারে’, ‘আসলে হাবিবে খোদা’ ইত্যাদি অমিয় বাণীর সুরের সুধায় মিলল বিচিত্র নজরুল। দাদরা, কাহারবা, আন্ধা ত্রিতাল, একতাল, কীর্তন, ঝুমুর ইত্যাদি তালের খেলায় মিলনায়তন যেন মেতে ওঠে দ্রোহ, প্রেম ও মানবতার কবির শৈল্পিক সৃজনশীলতার। জাতীয় কবির গানের সঙ্গে অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন।
বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থার সভাপতি খালিদ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম।