প্রভা এবার ধারাবাহিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর ‘প্রণয়িনী’ নামের একটি খণ্ড নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক ঘণ্টার নাটকের পর প্রভা এবার ধারাবাহিকের কাজও শুরু করলেন। গুণী-নির্মাতা সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘কবুলিয়তনামা’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে এরই মধ্যে চার দিন শুটিংও করেছেন তিনি।প্রথম আলো ডটকমকে প্রভা বলেন, ‘লাভলু ভাইয়ের সঙ্গে এর আগে আমার এক ঘণ্টার নাটকে কাজ করা হয়। এবারই প্রথম তাঁর পরিচালনায় ধারাবাহিকের কাজ করছি। কবুলিয়তনামা নাটকটি গ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। তবে নাটকটি কিন্তু খুব সিরিয়াসধর্মী। এখানে আমাকে স্কুলপড়ুয়া ছাত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। গল্পটা অনেক সুন্দর। যে কয়েক দিন শুটিং করেছি অভিজ্ঞতা অসাধারণ।’প্রভা আরও বলেন, ‘ধারাবাহিকের পাশাপাশি এরই মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের শুটিংও করেছি। এ ছাড়া নতুন নাটকের জন্য বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে আলাপও হয়েছে। সামনে তাঁদের কয়েকটি ঈদের নাটকের শুটিং করব। তবে কবুলিয়তনামা ধারাবাহিক নাটকটি ছাড়া আপাতত আর নতুন ধারাবাহিক নাটকের কাজ হাতে নিচ্ছি না। আগামী জুলাইয়ে আমাদের উভয় পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইচ্ছা আছে, তার পরই হয়তো সিরিয়াসলি অভিনয় নিয়ে ভাববার।’প্রভা সর্বশেষ সৈয়দ জামিম পরিচালিত ধারাবাহিক নাটক ‘পথ জানা নেই’-তে অভিনয় করেছেন। এটিএন বাংলায় নাটকটি দেখানো হয়েছিল।