প্রভার বিবাহোত্তর সংবর্ধনা জুলাইয়ে
ছোটপর্দার আলোচিত অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী জুলাইয়ে। আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে প্রভা বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের খবরটি নিশ্চিত করেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রভার বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয়েছে।প্রথম আলো ডটকমকে প্রভা বলেন, ‘গত বছরের ডিসেম্বরে অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাদের “আকদ”-এর অনুষ্ঠানটি করা হয়। এর পরপরই আমার পরীক্ষার ব্যস্ততা শুরু হয়। তা ছাড়া শান্তও তাঁর অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল।’ প্রভা আরও বলেন, ‘এ বছরের শুরুতে আমার স্নাতক পড়াশোনার পাট চুকে গেছে। এরপর উভয় পরিবারের সম্মতিতে জুলাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হয়েছে।’প্রভা এও বলেন, ‘আকদ অনুষ্ঠানের পর বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে যেতে হয়েছে। এবারে স্থায়ীভাবে যাচ্ছি। আমার শাশুড়ি এমনিতেই আমাকে খুব আদর করেন। আশা করছি, শ্বশুরবাড়ির সময়গুলো ভালোই কাটবে।’উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর মোহাম্মদপুরের আদাবরে পারিবারিকভাবে প্রভা ও শান্তর আকদ হয়। এ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। প্রভা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পড়াশোনা শেষ করছেন। এ বছরের শেষ দিকে একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের ওপর স্নাতকোত্তর করবেন বলেও জানিয়েছেন তিনি।এর আগে ২০১০ সালে অভিনয়শিল্পী অপূর্বের সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়।