প্রভাস-আনুশকার বলিউড অভিষেক

‘বাহুবলী’-জ্বর শুধু প্রভাসকেই দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয়নি, খ্যাতি এনে দিয়েছে সহশিল্পী আনুশকা শেঠিকেও। দক্ষিণ ভারতের ছবি ‘বাহুবলী ২’-তে আনুশকা ও প্রভাসের জুটি নজর কেড়েছে ভক্ত-সমালোচকদের। তা না হলে তো আর হিন্দি ছবি তথা বলিউডে তাঁদের অভিষেকের ব্যাপারটা পাকা হতো না।
‘বাহুবলী ২’-এর সাফল্যের পরপরই প্রভাস ঘোষণা দিয়েছিলেন ‘সাহো’ নামের একটি ছবি দিয়ে তিনি বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। তখনই আলোচনা শুরু হয়ে যায়—‘কে হবেন “সাহো”-তে প্রভাসের নায়িকা?’ অনেকেই আনুশকা শেঠিকে চেয়েছেন তাঁর বিপরীতে। কেননা, ‘বাহুবলী’র আগেও ‘বিল্লা’ ও ‘মিরচি’ ছবিতে এই জুটি চমৎকার রসায়নের প্রমাণ দিয়েছে। অবশেষে ঘোষণা এল, আনুশকাই হচ্ছেন ‘সাহো’-তে প্রভাসের নায়িকা।

এর আগে অজয় দেবগনের বিপরীতে ‘সিংহাম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আনুশকার অভিষেকের কথা ছিল। কিন্তু পারিশ্রমিক মনমতো না হওয়ায় সেই ছবি করেননি তিনি। তবে এবার সবকিছু মনের মতো করেই পেয়েছেন আনুশকা। তিনি বলেন, ‘সবকিছুই সঠিক সময়ে হয়।’ এখন নিজেকে দক্ষ অভিনয়শিল্পী প্রমাণ করতে হিন্দি ভাষাটা পাকিয়ে নিচ্ছেন তিনি।
‘সাহো’ পরিচালনা করছেন সুজিত। এই ছবির আরেক চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশকে। ছবিটি রুপালি পর্দায় দেখা যাবে আগামী বছরের ১১ আগস্ট।
সূত্র: জি নিউজ।