প্রমিথিউসের অনন্য উদ্যোগ ‘বৃদ্ধাশ্রমকে না বলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃদ্ধাশ্রমকে না বলো’ নামের নতুন একটি কার্যক্রম হাতে নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউস। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও শিশুদের মধ্যে মা-বাবার প্রতি কর্তব্যপালনে সচেতনতা বৃদ্ধি ও বৃদ্ধাশ্রম থেকে মা-বাবাকে ঘরে ফেরানোই প্রমিথিউসের এ কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য খালিদ আতাউল করিম বিপ্লব। প্রমিথিউসের বিপ্লব বলেন, ‘আগামীকাল মা দিবস। আর মা দিবস সামনে রেখেই আমরা এই নতুন কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ স্লোগানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে ক্যামব্রিয়ান কলেজ। সবার সম্মিলিত প্রয়াসে আমরা দেশের সব মানুষের কাছে বৃদ্ধাশ্রমে থাকা সব মাকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাব।’ মায়ের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘বৃদ্ধাশ্রমকে না বলো’ শিরোনামে একটি গানও তৈরি করেছে প্রমিথিউস। গানটিতে প্রমিথিউস ব্যান্ডের সদস্যরা ছাড়াও কণ্ঠ দিয়েছে ক্যামব্রিয়ান স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিন হেরাল্ড স্কুল, স্কলাস্টিকা স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গানের কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন বিপ্লব নিজেই। বিপ্লব আরও জানান, ‘বৃদ্ধাশ্রমকে না বলো’ শিরোনামের গানটি www.prometheusbd.com ও www.levelzerodb.com ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও এই স্লোগান ছড়িয়ে দেয়া হবে। শুধু তা-ই নয়, খুব শিগগির গানটির একটি ভিডিও দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও www.prometheustube.com -এ প্রচার করা শুরু হবে। মায়েদের প্রতি সচেতনতা বৃদ্ধিতে গানটি ইংরেজিতে রূপান্তর করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান বিপ্লব।