প্রমিথিউসের গান বিনা মূল্যে!
আপাতত অ্যালবাম আকারে গান না করার সিদ্ধান্ত নিয়েছে প্রমিথিউস এবং ব্যান্ডটির প্রধান বিপ্লব। তবে শ্রোতারা প্রমিথিউসের নতুন গান ঠিকই পাবেন। আর তা বিনা মূল্যে! নিজেদের নতুন ছয়টি গান নিয়ে প্রমিথিউস তাদের এই এমপিথ্রি ফ্রি আউটলেটের যাত্রা শুরু করছে। এর ঠিকানা হচ্ছে www.prometheusbd.com।বিপ্লব জানান, ঈদের আগেই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রমিথিউস এমপিথ্রি ফ্রি আউটলেটের উদ্বোধন করা হবে। বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিওশিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে নিজের গান শ্রোতাদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বিপ্লব আরও বলেন, ‘এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গানের এমপিথ্রি ও মিউজিক ভিডিও প্রমিথিউস এমপিথ্রি ফ্রি আউটলেট থেকে বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া গত ২৫ বছরে প্রমিথিউসের যত গান বেরিয়েছে, সেগুলোও শুনতে পারবেন।’ বিপ্লব জানান, পুরো অ্যালবাম নয়, এখানে একটি গান একটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করবে। এতে কারও ওপর চাপ পড়বে না।বিপ্লবের নতুন ছয়টি গানের মধ্যে পাঁচটির পৃষ্ঠপোষক স্বদেশ প্রপার্টিজ লিমিটেড, ওশান গ্রুপ, দিনিয়ার গার্মেন্টস ও পম্প টেইলার্স।