প্রমিথিউসের নতুন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জুলাই ছিল প্রমিথিউসের জন্মদিন। এবার ব্যান্ডটির ২৪ বছর পূর্তি হলো। জানা গেছে, প্রমিথিউসের সদস্যরা সারা বছর নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদ্যাপন করার উদ্যোগ নিয়েছেন। সারা দেশে সরকারি ও বেসরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালুর পাশাপাশি কার্যকর শিক্ষাব্যবস্থার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার এক কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা।প্রমিথিউসের অন্যতম সদস্য বিপ্লব বলেন, ‘২৫ বছর পূর্তি যেকোনো ব্যান্ডের জন্যই একটি উল্লেখযোগ্য ঘটনা। তাই আমরা বছরটি একটু অন্যভাবে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরও বলেন, ‘এখন সরকার ছেলেমেয়েদের অবৈতনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু এই শিক্ষা কতটা কার্যকর, তা কিন্তু ভেবে দেখা হচ্ছে না। ঢাকা শহরের সরকারি ও বেসরকারি পর্যায়ের অনেক স্কুলেই এখন ইংরেজি ভার্সন চালু হয়েছে। কিন্তু গ্রামে কিংবা মফস্বলে তা চালু না হওয়ায় ওখানকার ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। পাশাপাশি কোনো ব্যবস্থা চালু করলেই হবে না, তা যেন ওই শিশুটির জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সরকার ও বেসরকারি উদ্যোক্তা এবং অভিভাবকদের মনোযোগ আকর্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালাব। এ কাজে প্রমিথিউসের সঙ্গে আছেন আরও কয়েকজন।’এই প্রচারকাজের জন্য গান তৈরি করেছে প্রমিথিউস। ‘ছায়াপথ’ শিরোনামের এই গানের কথা হলো ‘কালের ছায়াপথে বাজিয়েছি বাজাব, যুব রং শক্তি তরঙ্গ, দেশ মাটি কথা বলে, কথা বলে মানুষ, সুর তাল লয় মৃদঙ্গ।’ কথা লিখেছেন কাজী রোজী আর সুর করেছেন বিপ্লব।বিপ্লব জানান, গানটি তাঁদের নতুন অ্যালবামে যুক্ত করা হচ্ছে। এবার ঈদ উপলক্ষে তৈরি হচ্ছে অ্যালবামটি। সব কটি গানের কথা ও সুরে নতুনত্ব আনা হচ্ছে। থাকছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার।বিপ্লব এখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সংগীত বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।