প্রমিথিউসের পঁচিশ
‘স্বৈরাচারবিরোধী অন্দোলন তখন তুঙ্গে। ১৯৯০ সাল। সারা দেশ উত্তাল। ঢাকা তখন স্লোগান আর মিছিলের শহর। হঠাৎ খবর এল ডা. মিলনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমরা যেন একটা ধাক্কা খেলাম। এই দুঃখ-কষ্ট একাকার করে প্রথম লাইনটা লিখলাম “রক্তের দাগ এখনো পথে মুছে যায়নি”। গানটা শেষ করলাম একসময়। মঞ্চে যখন গাইলাম, তখন দর্শকেরাও আমাদের সঙ্গে গানের একটা অংশ গাইল “ওগো মা তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী”। সেদিন থেকেই আসলে আমরা মানুষের মনে জায়গা করে নিয়েছিলাম। এই গানটি স্থান করে নেয় আমাদের দ্বিতীয় অ্যালবামে। তারপর তো আস্তে ধীরে প্রমিথিউস পার করে ফেলল টানা ২৫ বছর’—বললেন প্রমিথিউসের বিপ্লব।এই ২৫ বছরের পথ চলায় প্রথম অ্যালবামের কথা যখন শুনতে চাইলাম, বিপ্লব একটুও সময় না নিয়ে শুরু করলেন সেই সময়ের গল্প, ‘মৌচাকের ডন রেকর্ডিং স্টুডিওতে প্রথম অ্যালবামের কাজ শুরু হয় আমাদের। রেকর্ডিংয়ের আগে আমরা দিনরাত পরিশ্রম করেছি। পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই আমাদের প্রস্তুতিও বেশি বেশি। যেদিন রেকর্ডিং শুরু হলো, ভয়কে ছাপিয়ে সবার মনে একটা আনন্দ কাজ করছিল। প্রথম দিনেই আমরা একবার পাঁচটা গানের মিউজিক ট্র্যাক করে ফেলেছিলাম। দেখতে দেখতে ২৫ বছর পার হয়ে গেল! মনে হয়, এই তো কয়েক দিন আগের কথা।’ বলতে বলতে বিপ্লব একটু আনমনা হয়ে যান। তাঁর শেষ কথাটা মিলিয়ে যেতে না যেতেই জিজ্ঞেস করি, কেমন করে আপনারা প্রমিথিউস গড়লেন। ‘সে সময়টায় আমরা কিছু বন্ধু একসঙ্গে আড্ডা দিতাম। আড্ডাটা ছিল গানের। আরিফ তখন লিড গিটার বাজাত। কোয়েল ছিল ড্রামে। রেজওয়ান রিদম গিটার আর সারেক বেজ গিটার। মুহিত গানের কথা লিখত, আমি করতাম গান। মিলেমিশে গান করতে করতে সবার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হলো। ঠিক হলো নতুন একটা ব্যান্ড গড়ব। সবাই মিলে নাম ঠিক করলাম ‘প্রমিথিউস’। যে প্রমিথিউস মানুষের কল্যাণে স্বর্গ থেকে আগুন এনেছিল, তার মতো করে আমরাও কিছু করতে চেয়েছিলাম মানুষের জন্য। এভাবেই সফর শুরু হলো প্রমিথিউস ব্যান্ডের।’ একটানা বলে গেলেন বিপ্লব। তারপরের কথা তো নতুন করে বলার কিছু নেই। সবারই জানা ভালোবাসা নিয়ে তারা শুধু এগিয়ে গেছে। দেশে আর দশের বাইরে ছুটতে হয়েছে মানুষের ডাকে। তাদের গান শোনাতে। এরপর এক এক করে বেরোতে থাকে তাদের অ্যালবাম, স্বাধীনতা চাই (১৯৮৮), মুক্তির প্রত্যাশা (১৯৯০), প্রজন্মের সংগ্রাম (১৯৯৩), স্লোগান (১৯৯৫), যোদ্ধা (১৯৯৭), প্রমিথিউস ২০০০ (২০০০), স্মৃতির কপাট (২০০১), অ আ (২০০২), পাঠশালা (২০০৩), ঢোল (২০০৪), টাকা (২০০৫), নাগরদোলা (২০০৬), রাজপথ (২০০৭), প্রমিথিউস আনবাউন্ড (২০০৮), প্রমিথিউস আনবাউন্ড ১ (২০০৯), পশ্চিমের ছায়াপথ (২০১০)। অচিরেই বাজারে আসছে নতুন অ্যালবাম আমাদের পথ। এই অ্যালবামটি আর কিনতে হবে না, পাওয়া যাবে এই ঠিকানায় www.prometheusbd.com। যে কেউ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন। দীর্ঘ সফরে কত শত কনসার্ট তো হলো, কেমন ছিল প্রথম দিনের কনসার্ট? আইসিএমইএ অডিটরিয়ামে প্রথম কনসার্ট করি আমরা। দর্শককে আমরা প্রথম দিনই বলেছিলাম, শুধু আমাদের নিজস্ব গানই করব। আমি প্রথমেই গাইলাম, ‘রাখালি সুর বাজে ওই নিরালায়’। দর্শক আমাদের সানন্দ্যে গ্রহণ করল। অন্যের গান গেয়ে আমাদের জনপ্রিয় হতে হয়নি। আমাদের মৌলিকত্ব আমরা সেই থেকেই ধরে রেখেছি।’ বলতে বলতে বিপ্লবের চোখে আত্মতৃপ্তির ছায়া ফুটে ওঠে। প্রথম কনসার্টের কথা শেষ করতেই জানতে চাই দীর্ঘ সংগীত সফরের এমন কোনো কথা, যা এখনো মনে দাগ কেটে আছে। এবার বিপ্লব একটু সময় নেন। আস্তে করে বলেন, ‘১৯৯৭ সালে আমার বাবা মারা যান। আমি তখন বড্ড দিশেহারা। বাবা মারা যাওয়ার ঠিক দুই দিন পরে আমাদের কনসার্টের তারিখ ছিল। আমি গেলাম। কষ্ট বুকে চেপে রেখে গাইলাম মঞ্চে দাঁড়িয়ে। দর্শকদের আনন্দে ভাসিয়ে বাড়ি ফিরলাম। এই তো আমাদের জীবন। প্রমিথিউস পঁচিশ পেরিয়েছে। আরও বহু বছর টিকে থাকবে’—বলতে বলতে বিপ্লবের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। বিপ্লবের সেই আশার আলোটুকু সঙ্গে নিয়ে গভীর রাতে বেড়িয়ে পড়ি পথে।নির্বাচিত সেরা ১০ গান১. মিলনের রক্ত২. স্বর্ণালি ভোরে৩. চাঁদ সাজালো৪. নূর হোসেন৫. স্বাধীনতা চাই৬. হায় আল্লাহ কেমন প্রেম৭. নয়না৮. পাঠশালা৯. লালমিয়া১০. নির্জন শালবনে।