প্রমিথিউসের পথ চলার ২৫ বছর
দুই যুগেরও বেশি অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের গানের দল ‘প্রমিথিউস’ সামনে এগিয়েছে। পেছনে ফেলে এসেছে ২৫টি বছর। ১৭ জুলাই ২৫ বছর পূর্তি উত্সব করবে ব্যান্ডদলটি।প্রমিথিউসের ২৫ বছর প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘কীভাবে প্রমিথিউস ২৫ বছর পার করল, টেরই পেলাম না। এটা সত্যিই অবিশ্বাস্য। যে প্রেক্ষাপটে আমরা প্রমিথিউস ব্যান্ড গড়ে তুলেছিলাম, তখন এতটা দূর আসতে পারব চিন্তাও করিনি। তবে আমাদের সবার মনে অনেক বেশি আত্মবিশ্বাস ছিল।’এই ২৫ বছরে প্রমিথিউসের অর্জন কী? এমন প্রশ্নের উত্তরে বিপ্লব বলেন, ‘২৫ বছর টিকে থাকাটাও কম অর্জন নাকি? তবে আজকের অবস্থানে আসার পেছনে অন্যতম শক্তি দর্শক-শ্রোতাদের ভালোবাসা।’সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা পথ এগিয়েছে প্রমিথিউস। প্রমিথিউস ব্যান্ডের আজকের অবস্থানের বর্ণনা দিতে গিয়ে একটু পেছনের দিকে তাকান বিপ্লব। তিনি বললেন, ‘প্রমিথিউসের শুরুর দিকটার কথা ভোলার নয়। ১৯৮৬ সালের কথা। আরিফ, রেজওয়ান ও শারেক একসঙ্গে গান করতেন। তাঁদের সঙ্গে জ্যামিং করতেন বন্ধু কোয়েলও। তখন আবার কিউপিড নামেও আমার একটি ব্যান্ড ছিল। কোয়েলের মাধ্যমেই একদিন আরিফ, রেজওয়ান ও শারেকদের সঙ্গে পরিচয়। এরপর সবাই মিলে ভাবতে থাকি একটি নতুন ব্যান্ড গড়ার। সেটাই আজকের প্রমিথিউস।’সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁরা দেশের সরকারি-বেসরকারি স্কুলের পাঠদান রীতির ক্ষেত্রে ইংরেজি মাধ্যম চালুর পাশাপাশি কার্যকর শিক্ষাব্যবস্থার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার এক কর্মসূচি হাতে নিয়েছেন।এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘সরকার ছেলেমেয়েদের অবৈতনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু এই শিক্ষা কতটা কার্যকর, তা ভেবে দেখা হচ্ছে না। ঢাকা শহরে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক স্কুলেই এখন ইংরেজি সংস্করণ চালু হয়েছে কিন্তু গ্রামে কিংবা মফস্বলে তা চালু না হওয়ায় ওই ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। এ কারণে শিক্ষায় ইংরেজি মাধ্যমের কর্মসূচির কাজ শুরু করেছি।’অডিও শিল্পে একদিকে পাইরেসি, অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীদের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণে গত বছর থেকে নতুন পথে যাত্রা শুরু করেছে ব্যান্ড প্রমিথিউস। এরই প্রক্রিয়া হিসেবে তারা নিজেদের গানগুলো ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে ভক্ত ও শ্রোতাদের।২০১১ সালের আগস্ট মাস থেকে www.prometheusbd.com ঠিকানার মাধ্যমে বিনা খরচে ডাউনলোড করা যাচ্ছে প্রমিথিউসের গান। ওয়েবসাইটে প্রমিথিউসের ডজনখানেক গানসহ জনপ্রিয় আরও ২৫টি গান রয়েছে। রয়েছে কয়েকটি গানের মিউজিক ভিডিও।বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিও-শিল্পে এখন একধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইরেসির বিরুদ্ধে একধরনের প্রতিবাদ হিসেবে আমাদের গান শ্রোতাদের বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে শ্রোতারা প্রমিথিউসের নতুন ও পুরোনো যেকোনো গান এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।’২৫ বছরে প্রমিথিউসের ১৬টির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হচ্ছে ‘স্বাধীনতা চাই’, ‘মুক্তির প্রত্যাশায়’, ‘প্রজন্মের সংগ্রাম’, ‘স্লোগান’, ‘যোদ্ধা’, ‘প্রমিথিউস ২০০০’, ‘স্মৃতির কপাট’, ‘অ-আ’, ‘পাঠশালা’, ‘ঢোল’, ‘টাকা’, ‘নাগরদোলা’, ‘রাজপথ’, ‘প্রমিথিউস আনবাউন্ড’, ‘প্রমিথিউস আনবাউন্ড ওয়ান’ ও ‘ছায়াপথ’। বেশির ভাগ অ্যালবামের মধ্যে দেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও দেশাত্মবোধক গান রয়েছে।‘প্রমিথিউস’ ব্যান্ডের বর্তমান লাইনআপ: বিপ্লব (ভোকাল, গিটার), সোহাগ (লিড গিটার), পল্লব (কিবোর্ড), সৈকত (ড্রামস), রুবেল (ডি জে)।