প্রমিথিউসের ‘আমাদের পথ’
প্রমিথিউস এবার ঈদের জন্য তৈরি করেছে নতুন অ্যালবাম। নাম আমাদের পথ। কাল বুধবার থেকে শ্রোতারা শুনতে পাবেন এই অ্যালবামের গানগুলো। অডিও সিডি আকারে নয়, প্রমিথিউস এবারও তাদের অ্যালবাম প্রকাশ করেছে নিজস্ব ওবেসাইটে—www.prometheusbd.com। প্রমিথিউসের অন্যতম সদস্য বিপ্লব বলেন, ‘এই অ্যালবামের গানগুলো শোনার জন্য কাউকে কোনো খরচ করতে হবে না। পাশাপাশি গানগুলো মুঠোফোনের রিংটোন হিসেবেও ব্যবহার করতে পারবেন।’বিপ্লব আরও বলেন, ‘এখন অডিওশিল্পে যে অস্থিরতা চলছে, আমরা তা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। আমরা বর্তমান প্রেক্ষাপটকে পরিবর্তন করতে চাই। বিভিন্ন সাইটে শিল্পীর কোনো অনুমতি ছাড়াই তাঁদের গান রাখা হচ্ছে। এটা খুবই অন্যায়। শিল্পীর গান একমাত্র শিল্পীই পারেন শ্রোতাকে ফ্রি দিতে, আর কেউ নন।’ এবার ঈদে মাছারাঙা টিভিতে এই অ্যালবাম নিয়ে হবে গান আর আড্ডা। অনুষ্ঠানের নাম ‘দৈনিক স্বাধীন মত-প্রমিথিউসবিডি ঈদ মোবারক’।