প্রযুক্তির পাগলামোয় বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে আড্ডাবাজি, টুইটারে ভাববিনিময় আর ইনস্টাগ্রামে ছবি চালাচালি—বলিউড এখন নাচ, গান, অভিনয়ের বাইরেও মেতে থাকে এসব নিয়ে। কখনো ফোনে কানাকানি, কখনো আবার টুইট করে হট্টগোল। প্রযুক্তির বদৌলতে প্রিয় তারকার পেটে ব্যথার খবরও ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ভক্তরা পেয়ে যান। এই ত্বরিতগতিতে খবর ছড়ানোর জন্য তারকাদের অবদানই বেশি। কারণ, তাঁদের প্রযুক্তি-প্রেমই তো আজ এ পর্যায়ে নিয়ে এসেছে বলিউডকে! প্রযুক্তিপাগল কিছু বলিউড তারকার ভালোবাসার গ্যাজেটের কথা থাকছে আজ।

শাহরুখ খান
শাহরুখ খান

শাহরুখ খান
বলিউডের প্রযুক্তিপাগল তারকাদের নামের তালিকায় এগিয়ে আছেন শাহরুখ খান। কারণ, এই অভিনেতার শখ হলো নানা ধরনের গ্যাজেট সংগ্রহ। নিত্যনতুন মডেলের মুঠোফোন থেকে শুরু করে স্পাই-ক্যামও বাজারে আসামাত্র কেনা চাই তাঁর। শাহরুখের হাতের ঘড়ি থেকে শুরু করে বাড়ির লিফট—সবই প্রযুক্তির সবচেয়ে আধুনিকতম সংস্করণে তৈরি। প্রযুক্তির বেলায় বলিউডে শাহরুখের চেয়ে কেউ এগিয়ে যেতে পারেননি। হোক তা আইফোন ৬ কিংবা বাড়ির ফিঙ্গার প্রিন্ট রিকোনাইজেবল লিফট।
অমিতাভ বচ্চন
এখন প্রতি ঘণ্টায় একবার করে টুইটারে ঢুঁ মারা অমিতাভ বচ্চনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আইপ্যাড আর ফোন থেকে নিজেকে আলাদা করা কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। মুঠোফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সির সবচেয়ে নতুন ভার্সনটি ব্যবহার করছেন তিনি। আর ব্লগ লেখার জন্য নিজের আইপ্যাডকেই সেরা লেখনী মনে করেন। মজার বিষয় হলো, তাঁর গ্যাজেটগুলো কিন্তু এখন শুধু তাঁর একার নয়। নাতনি আরাধ্যও দাদার গ্যাজেট নিয়ে করে খুনসুটি। তাই দাদা তাঁর দরকারি লেখা সামলাতে তাতে দিয়ে রাখনে প্যাটার্ন লক। কিন্তু স্মার্ট যুগের স্মার্ট নাতনিকে কি আর এসব লক দিয়ে থামানো যায়!

মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত
এ সময়ের অভিনেত্রীরা মাধুরীর মাধুর্য আর নাচের সঙ্গে পাল্লা দিয়ে এখনো পেরে উঠতে পারবেন না। এমনকি মাধুরীর প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে এ সময়ের মেয়েরা পেরে উঠতে পারেন কি না সন্দেহ। মাধুরীর ঘনিষ্ঠজনেরা জানান, এ অভিনেত্রী খুবই প্রযুক্তিনির্ভর। অ্যাপলের অন্ধ ভক্ত তিনি। ম্যাকবুক, আইপড, আইপ্যাড থাকে তাঁর হাতের নাগালেই। এরই মধ্যে আইফোন ৬-ও বুকিং দেওয়া হয়ে গেছে। এককথায় অ্যাপল কোম্পানির যা-ই বাজারে আসবে, তা-ই নিজের করে নেন মাধুরী।
প্রিয়াঙ্কা চোপড়া
মন ভালো নেই? তো কী! প্রিয়াঙ্কা চোপড়ার হাতে ফোন থাকলে লাগে না আর কিচ্ছু। ফোন তাঁর সবচেয়ে প্রিয় গ্যাজেট। ফোনে কথা বলার চেয়ে অবশ্য ফোন দিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটিই বেশি করেন। ভালো লাগে টুইটারে ঢুঁ মারতে, চেনা মানুষের সঙ্গে টুইট চালাচালি করতেন। আর হালের সেলফি-উন্মাদনা তো আছেই। তা ছাড়া এই পর্দার ‘মেরিকম’ ফোনে আরও একটি কাজ করেন বেশ আগ্রহ নিয়ে, তা হলো ডাউনলোড। সুযোগ পেলেই নিত্যনতুন সব অ্যাপস ডাউনলোড করেন ফোনে। আর ল্যাপটপ নিয়ে বসলে ছবি ডাউনলোড করা চাই-ই চাই।
কারিনা কাপুর
কারিনা কাপুরকে বলিউডের ‘গসিপ কুইন’ হিসেবেও অনেকে জানে। ফোনে কাছের মানুষের সঙ্গে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য তাঁর। নিজে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তবে তাই বলে যে প্রযুক্তির এসব বিষয় তাঁর জানা নেই, এমন নয়। ফোন ঘিরে যত নিত্যনতুন প্রযুক্তি আছে, সবই কারিনার জানা। তাঁর ফোন একেবারে স্বয়ংসম্পূর্ণ। এই ফোন ছাড়া নাকি এক দিনও চলতে পারবেন না তিনি। তাই একটি নয়, কারিনা নিজের সঙ্গে একাধিক ফোন রাখেন। কোনোটা বন্ধ হয়ে গেলে যেন জীবনটা থেমে না যায়, এই ভয়ে।
সোনম কাপুর

একমুহূর্তের জন্যও নিজের ফোন আর আইপ্যাড থেকে দূরে থাকতে চান না সোনম কাপুর। বন্ধুদের সঙ্গে দিনের কথাগুলো তিনি ফোন আর টুইটারেই সারেন। প্রযুক্তি ছাড়া দিনের এক ঘণ্টাও ভাবতে পারেন না। এমনকি রাতে যখন ঘুমাতে যান, তখন পাশেই প্রিয় গ্যাজেটটি চার্জে দিয়ে ঘুমান।

বিপাশা বসু
ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন বিপাশা বসু। আর সচেতন গানের বেলায়। বিপাশার দিনের সবচেয়ে সেরা সময় হলো, যখন তিনি জিমে থাকেন আর তাঁর আইপডে বাজতে থাকে পছন্দের সব গান। শুধু জিমেই নয়। ঘরে, গাড়িতে কিংবা শুটিংয়ের ফাঁকে—অবসর মানেই বিপাশা আর তাঁর আইপড। এই আইপড ছাড়া একটা দিনও তিনি চিন্তা করতে পারেন না। মোটকথা যেখানেই বিপাশা, সেখানেই তাঁর আইপড। এই যন্ত্রের নতুন সংস্করণ বাজারে আসামাত্রই কেনা চাই তাঁর। সেই সঙ্গে আইপডে যত ধরনের অ্যাপস যুক্ত করা যায়, তার সবই বিপাশা যোগ করেন তাঁর আইপডে।
টিআইও অবলম্বনে