প্রযোজনায় মিষ্টি জান্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ঢাকাই চলচ্চিত্রের একজন নায়িকা হিসেবেই সবাই চিনতেন তাঁকে। এবার আরেক পরিচয়ে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন ঢাকাই ছবির অভিনেত্রী মিষ্টি জান্নাত। চলচ্চিত্র প্রযোজনায় নামছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের নামও ঘোষণা করেছেন তিনি। নাম ‘হেভেন মাল্টিমিডিয়া’।


ঢাকাই চলচ্চিত্রে নতুন প্রজন্মের নায়িকাদের বেলায় প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার খবর নতুন কিছু নয়। মাহিয়া মাহি, ববিসহ অনেকেই প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন। সে তালিকায় নিজের নাম যোগ করার বিষয়ে মিষ্টি বলেছেন, ‘পরিবারের সবাই-ই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। আমি শিকদার মেডিকেলে দন্ত চিকিৎসা বিষয়ে পড়ালেখার পাশাপাশি নাটক প্রযোজনার ব্যবসা করে আসছি। ভাবলাম, যেহেতু চলচ্চিত্রে অভিনয় করছি, তাই এখানে প্রযোজনা করা যেতে পারে।’

এরই মধ্যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম ছবির কাজ শুরু করার ঘোষণাও দিয়েছেন তিনি। মিষ্টি জানিয়েছেন, তাঁর প্রথম প্রযোজনার ছবিটির নাম ‘তুই আমার’।

৫ ফেব্রুয়ারি থেকে মিষ্টি জান্নাত প্রযোজিত ‘তুই আমার’ ছবিটির শুটিং শুরু হবে। ‘তুই আমার’ ছবিতে মিষ্টি নিজেই নায়িকা চরিত্রে অভিনয় করবেন। ছবিতে মিষ্টির বিপরীতে থাকছেন বাপ্পী। ছবিটি পরিচালনা করবেন সজল আহমেদ।

এর আগে মিষ্টি জান্নাত ও বাপ্পী জুটি বেঁধে প্রথম অভিনয় করেন ‘লাভ স্টেশন’ ছবিতে। গেল বছর সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পায়।

প্রথম প্রযোজনায় বাপ্পীকে নিয়ে ছবি নির্মাণ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘বাপ্পী আমার বন্ধুর মতো। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটা ভালো হয়। কাজটা সহজ মনে হয়।

এদিকে, মিষ্টি জান্নাতের ‘আমার প্রেম তুমি’ ছবিটির শুটিং এগিয়ে চলেছে। যৌথ প্রযোজনার এই ছবিতে মিষ্টি জান্নাতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক সোহম। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহমেদ ও কলকাতার সুব্রত হালদার।