প্রযোজক মোশাররফ

অভিনেতা মোশাররফ করিম এখন যুক্ত হয়েছেন প্রযোজনার সঙ্গে। গড়েছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। নাম এম প্রোডাকশনস। গোড়াতে এ ব্যাপারে তিনি কাউকে কিছু জানাতে চাননি। চুপিসারেই এখান থেকে একটি ধারাবাহিক নাটক তৈরি করেন। ৫২ পর্বের এই ধারাবাহিকের নাম বিশেষ দ্রষ্টব্য। আরেকটি ধারাবাহিক তৈরি করছেন তিনি। নতুনটির নাম তিনি আসবেন। লিখেছেন কাজী শাহেদুল ইসলাম, পরিচালনা করছেন মারুফ মিঠু।
মোশাররফ করিম নিজেকে প্রযোজক হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত করতে চান না। বলেন, ‘থাক না, দর্শকের কাছে আমি অভিনয়শিল্পী হিসেবেই থাকতে চাই। প্রযোজনার ব্যাপারটা একেবারেই আমার নিজস্ব। ওটা সামনে আনতে চাই না।’
তিনি আসবেন নাটকের ভাবনা প্রসঙ্গে বলেন, গল্পটা পুরান ঢাকার জনজীবন আর সংস্কৃতির ওপর। জুবায়ের নামে ছেলেটি একের পর এক বাধার মুখোমুখি হয়। একটি অতিক্রম করতেই আরেকটি এসে উপস্থিত। তবে একসময় ছেলেটি সফল হবে।
১০৪ পর্বের নাটক তিনি আসবেন প্রচারিত হবে বাংলাভিশনে।