প্রযোজক শাকিব খান

এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শাকিব খান। সম্প্রতি তিনি চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘এসকে ফিল্মস’। শাকিব জানান, এখন তাঁর প্রযোজিত প্রথম ছবির গল্প লেখার কাজ চলছে।
শাকিব বলেন, ‘ছবি প্রযোজনা করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। এর আগে প্রথম আলোয় দেওয়া সাক্ষাৎকারে আমি বলেছিলাম এ বছরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করব। আমার প্রথম ছবির শুটিং শুরু হবে আগামী বছরের গোড়ার দিকে। ছবিতে দুজন নায়িকা থাকবেন। নায়িকা নির্বাচনের ক্ষেত্রে আমি দর্শকদের একটু চমক দিতে চাই। যেহেতু প্রযোজক হিসেবে এটি আমার প্রথম ছবি, তাই বাজেট নিয়ে কোনো কার্পণ্য করব না। আমি চাই দর্শকদের একটা ভালো ছবি উপহার দিতে।’
শাকিব প্রযোজিত প্রথম ছবির পরিচালক বদিউল আলম। শাকিব বলেন, ‘আমার অভিনীত অনেকগুলো ব্লকবাস্টার ছবির পরিচালক তিনি। গত রোজার ঈদে মুক্তি পাওয়া মাই নেম ইজ খান ছবির পরিচালনাও তিনি করেছেন।’
এদিকে কয়েক মাস পর আবারও একই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ওয়াকিল আহমেদ পরিচালিত নতুন এই ছবির নাম শোধ।