প্রযোজকদের বিনিয়োগের ওপর ‘উৎসে কর কর্তন’ প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-২০১২ সালের জাতীয় বাজেটে শিল্পী সম্মানীর ওপর উৎসে কর কর্তন ও টেলিভিশন চ্যানেল কর্তৃক বেসরকারি অনুষ্ঠান প্রযোজকদের অনুষ্ঠানগুলোর ওপর উৎসে কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবটি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন প্রযোজকেরা। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তারিক আনাম খান বললেন, ‘টিভি চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অভিনেতা, কলাকুশলী—সবাই এখন এক অসম প্রতিযোগিতার মুখোমুখি হয়েছি। আকাশ উন্মুক্ত থাকার কারণে এবং বিদেশি চ্যানেলের চাকচিক্য ও বাজারব্যবস্থার কারণে বিনিয়োগকারী প্রযোজক, শিল্পী, কলাকুশলী তাঁদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা ও নিয়মনীতির অভাবে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ শিল্পটি ক্রমেই রুগ্ণ শিল্পের আকার ধারণ করছে। তার ওপর উৎসে কর কর্তন বিষয়টি চাপিয়ে দেওয়া পুরো ব্যাপারটিকে ঝুঁকিপূর্ণ করেছে।’তিনি আরও বলেন, ‘একজন শিল্পী শুধু একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন না, বিভিন্ন সময়ে ও দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। একজন বেসরকারি বিনিয়োগকারী প্রযোজক যে মূল্যে অনুষ্ঠান বিক্রি করেন, তার মধ্যে নাট্যকার, শিল্পী, কলাকুশলী, লাইট, ক্যামেরা, এডিটিং, মিউজিক, ক্যাসেট, যাতায়াত, সকাল-দুপুর-রাতের খাবার, প্রোডাকশন হাউসের ভাড়াসহ সব ব্যয় অন্তর্ভুক্ত থাকে। তাই প্রযোজকের সামগ্রিক অর্থ থেকে কর কর্তন তার ওপর এককভাবে চাপিয়ে দেওয়া কি ঠিক হবে? অগ্রিম আয়কর (AIT) হিসেবে ৪.৫% কেটে রাখার আগের যে বিধান আছে, তাও যুক্তিসংগত নয়।’তিনি আশঙ্কা প্রকাশ করে বললেন, ‘বাংলাদেশে সবকিছুরই দাম বাড়ছে, কিন্তু বেসরকারি খাত থেকে অনুষ্ঠান ক্রয়ের মূল্য ক্রমেই হ্রাস পাচ্ছে। তার ওপর পুনরায় উৎসে কর কর্তন হলে অনুষ্ঠানের মান খারাপ হবে। ফলে বিজাতীয় ও চটকদার সস্তা বিনোদন আমাদের দর্শককে গ্রাস করবে।’তারিক আনাম খান আরও জানান, শিগগিরই অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডকে নিয়ে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে উৎসে কর কর্তন বিষয়টি প্রত্যাহারের জন্য আলোচনা করবে।