২০১৫ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাওয়া দুটি ছবি অনিল বাগচীর একদিন এবং বাপজানের বায়োস্কোপ। ছবি দুটি পুরস্কার পাওয়ার অনুভূতির কথা জানালেন ছবি দুটির প্রযোজক ও পরিচালকেরা।

আমরা কাজ করি ভালো কাজের স্বার্থে
আবুল খায়ের
প্রযোজক, বেঙ্গল ক্রিয়েশনস
অনিল বাগচীর একদিন
মুক্তিযুদ্ধের একটি ছবিকে জুরিবোর্ড যে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দিল, এটি খুবই ইতিবাচক। সমমনা মানুষেরা একত্রে যে ছবিটাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভেবেই ভালো লাগছে। যারা কাজ করেছে, তারা খুব উৎসাহ পাচ্ছে, এটি বড় ইতিবাচক একটি দিক। তা ছাড়া এখন অনেক ভালো ভালো ছবিও হচ্ছে।
বেঙ্গল সব সময় তার সেরা কাজটি করার চেষ্টা করে। কাজগুলোর একধরনের স্ট্যান্ডার্ড ধরে রাখা হয়। এমন কোনো কাজ আমরা করি না বা করব না, যাতে কেউ আমাদের নিন্দা করতে পারে। পুরস্কার পাওয়া নয়, বরং ভালো কাজের স্বার্থে আমরা কাজ করি।

আমরা কিন্তু বাণিজ্যিক ধারার চলচ্চিত্রও বানাচ্ছি। সেখানেও আমরা মান ধরে রাখার চেষ্টা করি। সবাই যেভাবে বাণিজ্যিক ছবি বানায়, আমরা সেভাবে করতে পারি না। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে মুক্তি পাবে আমাদের স্বপ্নজাল ছবিটি। আমাদের পরিকল্পনা আছে বছরে তিনটি ছবি করব।
আমরা ভাবছি সিনেমায় পুরস্কার প্রবর্তন করব। যদিও বিষয়টি এখনো ঠিক হয়নি, কিন্তু চিন্তাভাবনা চলছে। কী কী পুরস্কার আছে, সেসব দেখে-বুঝে অর্থবহ কিছু একটা পুরস্কার আমরা চালু করতে পারি। তবে এক্ষুনি নয়।
শিক্ষিত ছেলেমেয়েরা এলে বাণিজ্যিক সিনেমার চেহারা বদলে যাবে
মোরশেদুল ইসলাম
পরিচালক, অনিল বাগচীর একদিন
(ছয় বিভাগে ছয়টি পুরস্কার)
ছবিটি যে শাখাগুলোতে পুরস্কার পেয়েছে, সেই শাখাগুলোয় শিল্পীরা নিশ্চয়ই ভালো করেছে। কিন্তু আমি মনে করেছিলাম আরও কয়েকটি শাখায়, বিশেষ করে অভিনয়ে জোর দেওয়া হবে। অনিল বাগচীর অভিনয় করা আরেফ খুবই ন্যাচারাল অভিনয় করেছে। তাকে যে পুরস্কার দেওয়া হয়নি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের এখানে ন্যাচারাল অভিনয়কে নয়, বরং অতি-অভিনয়কে অভিনয় মনে করা হয়। পুরস্কারের অনুষ্ঠানে যে ক্লিপগুলো দেখলাম, সেখানে শাকিব খান ও মাহফুজের অভিব্যক্তিকে ওভার-অ্যাকটিং মনে হয়েছে। বাকিটা না-ই বললাম।

তবে তৃপ্তি আছে। প্রিয়াংকা খুব ভালো গেয়েছে, সানী ভালো সংগীত করেছে। হুমায়ূন আহমেদ যদিও সংলাপের জন্য পুরস্কার পেয়েছেন। কাহিনিকার হিসেবেও পেতে পারতেন। তাঁর সংলাপগুলো ছিল অসাধারণ। রাকায়েত চমৎকার অভিনয় করেছে।
যাঁরা বাণিজ্যিক ছবি বানাচ্ছেন, তাঁরা নিশ্চয়ই ভালো করছেন। ফিল্ম বিনোদনের জিনিস। দর্শকদের যদি বিনোদন দেওয়া যায়, খারাপ কী? তবে সেসব যেন সুস্থ ধারার হয়। আমার মনে হয়, শিক্ষিত ছেলেমেয়েরা বাণিজ্যিক ছবি বানাতে এলে সিনেমার চেহারা বদলে যাবে। ইতিমধ্যে আমরা সেটা দেখেছি। অনিমেষ আইচ, রেদওয়ান রনি, মোস্তফা কামালেরা ভালো কাজ করেছে। অমিতাভের আয়নাবাজি যদিও বেশ শিল্পসম্মত ছবি ছিল, কিন্তু বিনোদনও ছিল তাতে। ব্যাপারগুলো খুবই ইতিবাচক। তবে আমাকে দিয়ে বাণিজ্যিক ছবি হবে না। সবাইকে দিয়ে সব কাজ হয়ও না। হয়তো এই যোগ্যতাই আমার নেই। ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আমরা ছোটদের ছবি আঁখি ও তার বন্ধুরা মুক্তি দেব বলে ঠিক করেছি।
সিনেমার জন্যও স্বপ্নবান হতে হবে
রিয়াজুল রিজু
প্রযোজক, কারুকাজ ফিল্মস ও পরিচালক, বাপজানের বায়োস্কোপ
(আট বিভাগে নয়টি পুরস্কার)

আমার তথ্যচিত্র ও নাটক বানানোর অভিজ্ঞতা ছিল। বাবা হোমিও ডাক্তার, টাঙ্গাইলে বেশ বড় একটি চেম্বার আছে। আমি নিজেও ডাক্তারি পড়েছি। চাইলে বাবার ওখানে বসতে পারতাম, বসিনি। পড়াশোনা শেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি নিই। সিনেমার জন্য সেটা ছেড়েছি। আমি আসলে সিনেমাকেই ভালোবাসি। ভালোবাসার জায়গায় কোনো যুক্তি-বুদ্ধি খাটে না।

বাপজানের বায়োস্কোপ-এর সফলতার হাত ধরে সামনের ছবির চিত্রনাট্য প্রস্তুত করছি। ছবির নাম প্রেমের কবিতা। পুরোদস্তুর রোমান্টিক সিনেমা। এবার মনে হয় না খুব বেশি সময় লাগবে। এক বছরের মধ্যেই ছবিটি দর্শকদের কাছে নিয়ে আসতে পারব। নতুন যাঁরা পরিচালনায় আসতে চান, তাঁদের জন্য বলব, স্বপ্নবানদের জন্যই আমাদের দেশ। আমার মনে হয়, দেশ স্বাধীন হয়েছে স্বপ্নবানদের জন্য। তাই সিনেমার জন্যও স্বপ্নবান হতে হবে।