
ষাটের দশকে বিশ্বের সংগীত ভুবনকে নাড়িয়ে দিয়েছিল যে ব্যান্ডটি, সেটা দ্য বিটলস। এ দলে সদস্য ছিলেন চারজন। জল লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার ছাড়া আরও একজনকে এই দলের সদস্য মনে করা হয়। তিনি কিংবদন্তি সংগীত প্রযোজক জর্জ মার্টিন। একজন প্রযোজক একটি দলের কথিত পঞ্চম সদস্যে পরিণত হয়ে যান কীভাবে!
সারা বিশ্ব জানে, মার্টিন না থাকলে কে চিনত এই বিটলসকে? ১৯৬২ সালে বিটলসের ডেমো টেপ শুনেই মার্টিন বুঝে ফেলেন, এই দলটি পারবে। শুধু দরকার একটু সমর্থন। কিংবা বলা যায় ‘টুইস্ট অ্যান্ড শাউট’ শুনে মার্টিন ভালোবেসে ফেলেন গানটিকে। একেকটি গানের পেছনে বিটলসদের থেকে কম মমতা ছিল না তাঁর। যার ফলে বিশ্ব সংগীতের ইতিহাসে রচিত হয়েছে একটি মাইলফলক। তাঁর পার্লাফোন রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি হয় বিটলসের। সেই চুক্তিও দীর্ঘমেয়াদি বন্ধুত্বের দিকে গড়ায়। বিটলসের প্রায় সবগুলো অ্যালবামের প্রযোজনা করেন জর্জ মার্টিন।
শুধু এই দলের নয়, আরও অনেক জনপ্রিয় গানসহ প্রায় ৭০০ গানের প্রযোজক জর্জ মার্টিন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘নাইট’ উপাধি। কয়েকটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

জর্জ মার্টিনের জন্ম ১৯২৬ সালে উত্তর লন্ডনের হলোওয়েতে। বাবা ছিলেন কাঠমিস্ত্রি। সংগীত প্রযোজনা করেই তিনি কিংবদন্তি এক তারকায় পরিণত হয়েছেন, যা সংগীতের ইতিহাসের এক অনন্য ঘটনা।
সফল প্রযোজকের জীবন উদ্যাপনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক টিভি অনুষ্ঠানে। জানতে চাওয়া হয়েছিল, ‘মাস্টারিংয়ের ক্ষেত্রে তিনি কোন নীতি মেনে চলতেন?’ স্মিত হেসে স্বল্পভাষী মার্টিন এক শব্দে বলেছিলেন, ‘গাম্ভীর্য’। বিটলসের গানগুলো আজও যে মানুষকে গুনগুন করে গাইতে শোনা যায়, কিংবা বড় কনসার্টে, তা অনেকটাই সেই ‘মাস্টারিং’-এর গুণেই।
৮ মার্চ ৯০ বছর বয়সে মারা যান তিনি। বিটলসদের দুইজন এখন বেঁচে রইলেন। মার্টিনের মৃত্যুতে গভীর বেদনাহত বন্ধুহারা রিঙ্গো স্টার তাঁর খুদে ব্লগ টুইটারে লিখেছেন, ‘স্যার জর্জকে খুব মিস করব। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।’ তবে তাঁর মৃত্যুর পরে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সংগীত সমালোচক টিম ডি লিজলে ইতিমধ্যে বলে ফেলেছেন, জর্জ মার্টিন আসলে পঞ্চম নন, তৃতীয় বিটলস। নইলে কি বিটলস এত জনপ্রিয় হতে পারে!
ইয়াহু ও স্ক্র্যাড হার্ট