প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন বেবী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ২৩ আগস্ট ছিল ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত বিশিষ্ট গায়িকা বেবী নাজনীনের জন্মদিন। এ উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেশ কয়েকটি চমক অপেক্ষা করছিল আমন্ত্রিতদের জন্য। তবে আসল চমক ছিল বেবী নাজনীনের প্রযোজনা প্রতিষ্ঠান খোলার ঘোষণা। এ বিষয়ে বেবী নাজনীন বলেন, গান গাইতে গিয়ে একসময় স্বপ্ন দেখেছিলাম যে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলব। যা থেকে দেশের এমনকি দেশের বাইরের শ্রোতারাও রুচিশীল গান শুনতে পারবেন। সেই লক্ষ্যে আমি ধীরে ধীরে সব ধরনের প্রস্তুতি নিতে থাকি। এখন মনের লালিত স্বপ্নের দোরগোড়ায় পৌঁছেছি বলে মনে হচ্ছে। খুব শিগগির প্রতিষ্ঠানটি চালু করতে পারব। বেবী নাজনিন আরও বলেন, আমার প্রতিষ্ঠানটির কাজকর্ম একই সঙ্গে এপার-ওপার দুই বাংলায় থাকবে। প্রতিষ্ঠান থেকে বাজারে ছাড়া অ্যালবামগুলো দুই বাংলার দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখেই করা হবে। অনুষ্ঠানে বেবী নাজনীনের ৪৩তম একক অ্যালবামের ঘোষণাও দেওয়া হয়। এখনও পর্যন্ত নাম ঠিক না হওয়া এই অ্যালবামটি বাজারে নিয়ে আসছে সঙ্গীতা। অ্যালবামটিতে মোট গান থাকবে ১০টি। গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, অনুরূপ আইচ ও জাহিদ আকবর। এই একক অ্যালবাম সম্পর্কে বেবী নাজনীন বলেন, আমি আসলে গত কয়েক মাস ধরে দেশের বাইরে বেশ কয়েক জায়গায় স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। আমি নিজেও জানতাম না যে এবারের ঈদে কোনো অ্যালবাম বাজারে আসবে কি না? অবশেষে দর্শক-শ্রোতাদের কথা চিন্তা করে অ্যালবামটি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে কাজটি করতে হবে। এখানে পুরোনো গীতিকারের পাশাপাশি নতুন গীতিকারের গানও থাকছে। প্রতিটি গানের কথা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এটি তাঁদের ঈদ এক্সক্লুসিভ অ্যালবাম হিসেবে থাকছে। রোজার শেষ দিকে অ্যালবামটির অডিও ও ভিডিও দুটিই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।