প্রযোজনায় আসছেন শাকিব খান
চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন শাকিব খান। আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রযোজিত ছবির কাজ শুরু হবে। তিনি বললেন, ‘আমি প্রযোজনা করব, এটা নিশ্চিত। নিজেকে সেভাবে প্রস্তুত করছি। চলচ্চিত্রশিল্পের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছি। বছর চারেক আগে আরও একবার প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন আমার কাজের ব্যস্ততা দেখে চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ সহশিল্পী ওই সময় আমাকে প্রযোজনায় আসতে নিষেধ করেন। এখন বেছে বেছে কাজ করছি। প্রযোজনায় আসার এখনই সবচেয়ে ভালো সময়।’ নিজের প্রযোজিত ছবিতে অভিনয়ের সম্ভাবনা প্রসঙ্গে শাকিব বলেন, ‘বলিউডের ছবিগুলোতে দেখবেন, সেখানে নায়কেরা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন। আমিও অভিনয় করব। আমার প্রযোজিত প্রথম ছবিতে কিছু চমকও থাকবে।’শাকিব চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন ১৯৯৯ সালে, সোহানুর রহমানের অনন্ত ভালোবাসা ছবিতে। এ পর্যন্ত তিনি প্রায় ২০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।