প্রশংসাস্নাত ‘গুজারিশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগের কথা। জয়া বচ্চন ফিজা ছবিতে হূতিক রোশনের মায়ের চরিত্রে অভিনয় করার পর যারপরনাই আবেগাপ্লুত। ঘোষণা দিয়েছিলেন, হূতিককে তিনি দত্তক হিসেবে নিতে চান। ১০ বছর পর অভিনেত্রী শাবানা আজমীও একই ইচ্ছা ব্যক্ত করেন। হূতিকের নতুন ছবি গুজারিশ দেখে টুইটারে শাবানা লিখেছেন, ‘আমার সন্তান হলে হূতিক রোশনের মতো সুপুত্র চাইতাম। অভিনেতা হলে এ রকম অভিনেতাই তো হওয়া উচিত। গুজারিশ-এর হূতিক এককথায় অসাধারণ। বিশ্ব চলচ্চিত্রে অনেক দিন এ রকম অভিনয় দেখিনি।’ এ সপ্তাহে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির গুজারিশ সমালোচকদের প্রশংসাস্নাত হচ্ছে। খামোশি, হাম দিল দে চুকে সনম, দেবদাস, ব্ল্যাক-এর এই নির্মাতা অবশ্য তিন বছর আগে সাওয়ারিয়ার কারণে নিন্দার প্লাবনে ভেসে গিয়েছিলেন, তবে ডুবে যাননি। হতাশায় পর্যবসিত বানসালি সে সময় নিজের অনুভূতির দরজায় কড়া নাড়েন। নিজেই নিজেকে বলেন, আর হতাশা নয়। এবার নতুনভাবে বাঁচতে হবে। নিজেই লিখে ফেলেন গুজারিশ-এর চিত্রনাট্য। ইথানেশিয়া বা মার্সি কিলিংয়ের মতো সংবেদনশীল বিষয় নিয়ে ছবি। কাহিনির নায়ক ইথান এককালের বিখ্যাত জাদুকর। এক দুর্ঘটনায় হুইলচেয়ারকে আপন করে নিতে হয়। চারটি অঙ্গ অসাড়। ১৪ বছর এই হুইলচেয়ারেই নিজেকে সঁপে দেন ইথান। তবে একটি দিনের জন্যও হতাশ হননি ইথান। দীর্ঘ ১২ বছর ইথানকে সঙ্গ দেন তাঁর সেবিকা সোফিয়া।আর এই ইথান-সোফিয়ার চরিত্রেই অভিনয় করেছেন ধুম টু ও যোধা আকবর-এর সুপারহিট জুটি হূতিক-ঐশ্বরিয়া। বানসালি ও হূতিক দুজনের সঙ্গেই ঐশ্বরিয়া এর আগে দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন। তবে বানসালির সঙ্গে হূতিকের এটাই প্রথম কাজ। বানসালির কাছে পাঁচ মিনিট গল্প শুনেই হূতিক ঠিক করে ফেলেছিলেন, ছবিটি তাঁকে করতেই হবে। কোই মিল গ্যায়ার সময় যেমন বাচ্চাদের চরিত্র ধারণের জন্য এক সপ্তাহ হোটেলের কক্ষে নিজেকে বন্দী করে রেখেছিলেন, এবারও টানা এক মাস পারতপক্ষে কারও সঙ্গে কথা না বলে হুইলচেয়ারে চলাফেরা করেছেন। অবশ্য হূতিকের মতে, ‘এটা ইচ্ছাকৃত নয়। কাইটস-এর শুটিং করার পর হাঁটুর ব্যথাটি এত বেড়েছিল যে ডাক্তার বলেছিলেন, আমি আর হাঁটতে পারব না। তখনই গুজারিশ-এর স্ক্রিপ্ট পেয়েছিলাম। কী এক অদম্য শক্তি আমার ভেতর ভর করেছিল। এক মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলাম। গুজারিশ আমার জন্য শুধু একটা চলচ্চিত্র নয়, যেন সৃষ্টিকর্তার দেওয়া কোনো উপহার। এখন সমস্যা এলে আর ভেঙে পড়ি না। সমাধানের চেষ্টা করি। আর এই শিক্ষা পেয়েছি আমার পক্ষাঘাতগ্রস্ত দুই বন্ধুর কাছ থেকে। শুটিংয়ের আগে প্রতিদিন টানা ছয়-সাত ঘণ্টা ওদের সঙ্গে কাটাতাম। এমনকি ছবির ক্লাইমেক্সে ১০ মিনিটের সংলাপ বলার সময় প্রথম দিন পালিয়ে এসেছিলাম। পরবর্তী দিন বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে সেটে হাজির হই। ১০ মিনিটের আনকাট দৃশ্যটি প্রথমবারই ওকে হয়।’অনেকেই বলেছিলেন, গুজারিশ হচ্ছে হুজ লাইফ ইজ ইট এনিওয়ে (১৯৮১), দ্য সি ইনসাইড (২০০৪) ও প্রেস্টিজ (২০০৬) ছবির নকল। তবে সমালোচক তরণ আদর্শ বলেন, মূল বিষয়বস্তু এক হলেও গুজারিশ সম্পূর্ণ আলাদা একটি ছবি। ছবির কাহিনি, পরিচালনা, সম্পাদনা, সহপ্রযোজনা, আবহসংগীত, এমনকি সংগীত পরিচালনার কাজগুলো একাই করেছেন বানসালি। সত্যজিৎ রায় ও বিশাল ভারাদ্বাজের পর পরিচালক থেকে সংগীত পরিচালক হলেন বানসালি। এমনকি শুটিংয়ের সময় বাদ্যযন্ত্র, গীতিকার, কণ্ঠশিল্পী—সবাই উপস্থিত থাকতেন। শুটিংয়ের মধ্যেই দুটি গান সৃষ্টি হয়েছে।ঐশ্বরিয়া রাই এই প্রথম কোনো ছবির চিত্রনাট্য না শুনেই সম্মতি জানিয়েছেন। ঐশ্বরিয়া সম্পর্কে হূতিক বলেন, ‘ঐশ্বরিয়া আমার দেখা সবচেয়ে নিঃস্বার্থ অভিনেত্রী। নিজের চেয়েও সহ-অভিনেতার কাজ নিয়ে ভাবে। এই গুণটি খুব কম অভিনেত্রীর মধ্যেই পেয়েছি। ঐশ্বরিয়া আমার সব সময়ের পছন্দ। কহনা পেয়ার হ্যায়, কৃষ, কৃষ ২, কাইটস আমাদের প্রডাকশন থেকে সব কটি ছবিই ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল।’গুজারিশ-এর সবচেয়ে মজার স্মৃতি স্মরণ করতে গিয়ে হূতিক বলেন, ‘১৫ বছর পর সমুচা, শিঙাড়ার স্বাদ পুনরায় আবিষ্কার করলাম এ ছবি করতে গিয়ে। ছবিতে অসুস্থ এবং কিছুটা স্থূলাকার দেখানোটা জরুরি ছিল। এ জন্য ছয়-সাত মাস ব্যায়াম করা ছেড়ে দিয়েছিলাম। মাঝেমধ্যে সিনেমা হলে টিকিট বুক করার সঙ্গে সঙ্গে ১২টা শিঙাড়াও বুক করে ফেলতাম। সিনেমা দেখার চেয়েও শিঙাড়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’শাহরুখ খান গুজারিশ দেখে হূতিককে এসএমএস দিয়েছেন, ‘এখন আমি অসাড় মানুষটির ডানায় ভর করে উড়ছি। হূতিক আমাকে উড়িয়ে দিয়েছে।’ অভিষেক বচ্চন হূতিক-ঐশ্বরিয়ার রসায়ন দেখে লিখেছেন, ‘নিঃসন্দেহে আমি ঐশ্বরিয়ার যোগ্য স্বামী। তবে হূতিকের সঙ্গে ওর রসায়ন জাদুকরি, স্বর্গীয়।’ অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আগামী বছর হূতিক-ঐশ্বরিয়া সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার না পেলে মর্মাহত হব। হূতিকের বয়সী অভিনেতা শুধু চোখ ও কণ্ঠ ব্যবহার করে যে অভিনয় দেখিয়েছে, আমি অন্তত ওর বয়সে সাহস করতাম না। ঐশ্বরিয়ার ক্ষেত্রে বলব, আমার দেখা ঐশ্বরিয়ার সেরা অভিনয় গুজারিশ ছবিতে।’ আমির খান বলেছেন, ‘হিন্দি ছবির ইতিহাসে অসাধারণ কিছু রোমান্টিক দৃশ্য ফুটিয়ে তোলার জন্য হূতিক-ঐশ্বরিয়াকে অভিনন্দন।’ কারিনা কাপুর বলেন, ‘দীর্ঘদিন পর ঐশ্বরিয়া ফর্মে ফিরেছেন। আর কোই মিল গ্যায়া-র পর হূতিক তাঁর সেরা কাজ দেখিয়েছেন গুজারিশ-এ। তা ছাড়া গ্ল্যামার থেকে বেরিয়ে সংবেদনশীল ছবি উপহার দিয়ে বানসালি তাঁর মেধার সর্বোচ্চ স্ফূরণ দেখিয়েছেন।’ রেখা ও প্রীতি জিনতা রায় দিয়েছেন, ‘গুজারিশ এ বছরের শ্রেষ্ঠ ছবি।’ পরিচালক করণ জোহর বলেন, ‘গুজারিশ-এর মতো চলচ্চিত্র বক্স অফিসের জন্য নয়। সব আলোচনার ঊর্ধ্বে বানসালির শ্রেষ্ঠ ছবি গুজারিশ।’যদিও মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে ব্লকবাস্টার হিট করেছে গুজারিশ। ভারতে এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রত্যাশামাফিক ব্যবসা করছে। তা ছাড়া টিভি চ্যানেলের কাছে ২০ কোটি রুপিতে এবং ছবির অডিও ১২ কোটি রুপিতে বিক্রি হয়েছে। তবে হূতিক বলেন, ‘গুজারিশ ওয়ান ম্যান শো। এক এবং অদ্বিতীয় বানসালি। ছবির পুরো পেইন্টিংটা জুড়েই তিনি। আমি এবং অ্যাশ শুধু দুটি রং ছড়িয়েছি।’ রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট