প্রশংসিত ‘মন পবনের নাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে একদল কর্মী গান গাইছে। গান অতিপরিচিত। মৈমনসিংহ গীতিকা। যেন দর্শকেরাও নাড়ির টানে ফিরে যাচ্ছে। আস্তে আস্তে আলো এসে মঞ্চে পড়ল। জেগে উঠল মঞ্চ। একে একে মঞ্চে রাজ্যের পর রাজ্যের গল্প বেরিয়ে আসতে লাগল। দুর্লভ রাজার ছয় ছেলে। সবার ছোট মাধব। একটা সময় মাধবকে অন্য ভাইয়েরা মেরে ফেলার ষড়যন্ত্র করে। পালিয়ে বলা রাজার রাজ্যে আশ্রয় নেয়। সেখানে এক উজিরের কাছে ঠাঁই হয়। সেখানেই মালঞ্চ কইন্যাকে খুঁজে পায়। নাটকে দেখা যায়, গানের সুরে সুরে গল্পের কাহিনি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। পুরো নাটকটিই দর্শকের কাছে ধরা দেয়। মনে হয় যেন মৈমনসিংহ গীতিকার পরিপূর্ণ স্বাদই নাটকের গানে উঠে এসেছে। অবশ্য এর বাইরে ময়মনসিংহের লোকজ গানও নাটকটিতে স্থান পেয়েছে। নাটকে শিল্পীদের অভিনয়ে ছন্দপতন হয়নি। বরং বলা যায়, নতুন দলের নতুন ছেলেমেয়েরা প্রত্যাশার চাইতে বেশি ভালো করেছে। এ নাটকে সংগীতের প্রয়োগ ছিল পরিচ্ছন্ন, তেমনি দৃশ্যের সঙ্গে আলোকের কাজও ভালো হয়েছে। ১৬ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নতুন নাটকের দল নাট্যবেদের মন পবনের নাও নাটকটির তৃতীয় প্রদর্শনী হয়। রোজার মাসেও নাটকটিতে প্রচুর দর্শক উপস্থিতি ঘটেছে। পিনপতন নীরবতার মধ্যে তাঁরা নাটকটি উপভোগ করেন। নাটক শেষে দলের সহ সভাপতি কানন আহমেদ বলেন, ‘আমরা ভাবতেই পারিনি এত দর্শক হবে। রোজার মাস হওয়ার কারণে এমনিতেই নাটকপাড়ায় দর্শকের আনাগোনা কমে গেছে। এর পরও স্টুডিও থিয়েটার হলের সব কটা আসনই পূর্ণ ছিল। নাটকের প্রতি খুবই মনোযোগ ছিল দর্শকের। অনেকে নাটক শেষে খুবই প্রশংসা করেছেন নাটকটি নিয়ে।’ তিনি বলেন, ‘আমরা এই নাটকেমৈমনসিংহ গীতিকার সুরের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছি। ময়মনসিংহ অঞ্চলের আদি সুরগুলোও এখানে স্থান দেওয়া হয়েছে। এবং বলা যায়, এটি মৈমনসিংহ গীতিকাকে নতুন করে মঞ্চে তুলে ধরা।’প্রখ্যাত নাট্যকার বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চী কইন্যা অবলম্বনে নাটক মন পবনের নাও । নাটকটির সংযোজন, পরিমার্জন ও নির্দেশনায় আছেন থিয়েটার তোপখানার দীপক রায়। মূলত মৈমনসিংহ গীতিকার চিরায়ত লোককাহিনি নিয়ে গড়ে উঠেছে নাটকটি। এতে প্রায় ২৩টি গান আছে। গত ৮ মে শনিবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। দ্বিতীয় প্রদর্শনী হয় ৯ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মির্জা সম্রাট, স্বপন, লিমন, মুক্তো, সুরভী রায়, আসাদুজ্জামান, মোস্তাফিজ, টিপু, আনিকা, জহির, পাভেল, রাতুল, রাবু, রাজু, মিথুন, তুহিনসহ আরও অনেকে।