প্রশিক্ষক লাভলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরণ্যক নাট্যদলের একাধিক নাটকের সফল অভিনেত্রী শামীমা শওকত লাভলীর থিয়েটার-বিষয়ক কর্মশালার প্রতি বরাবর একটু ঝোঁক বেশি। তবে নিজের শেখার চেয়ে অন্যদের শেখানোর কর্মশালায় এখন বেশি সময় দিচ্ছেন এই তরুণ অভিনেত্রী। ‘নিজের শেখার চেয়ে অন্যদের শেখানো হচ্ছে—এটা ওইভাবে ঠিক নয়। আমি এই শেখানোর মধ্য দিয়েই প্রতিনিয়তি শিখছি,’ বললেন লাভলী। থিয়েটার প্রশিক্ষক হিসেবে এই নাট্যকর্মীর সুনাম দিনকে দিন বাড়ছেই। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রশিক্ষক হিসেবে ডাক বাড়ছে। কদিন আগে সিলেটে একটা কর্মশালা শেষ করে এলেন। জুলাই মাসে আবার উড়াল দিচ্ছেন নরওয়ে। সেখানে বডি অ্যান্ড মাইন্ডের ওপর কর্মশালা পরিচালনা করার জন্য যাবেন। নৃত্যকে কীভাবে থিয়েটারে প্রয়োগ করা যায়—তা নিয়ে হবে এ কর্মশালা। কর্মশালায় আমাদের দেশীয় নৃত্যের মিশ্রণ হবে। অর্থাৎ দুই দেশের সংস্কৃতির বিনিময়। কর্মশালার মূল প্রশিক্ষকই তিনি। এ ব্যাপারে লাভলী বলেন, ‘এর আগে গত বছর ব্রাজিলে এই একই বিষয়ের ওপর কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলাম। তখন ওই কর্মশালায় নরওয়ে থেকে কিছু নাটকের লোক যোগ দিয়েছিলেন। তাঁরাই এবার তাঁদের দেশে একই বিষয় নিয়ে নাট্যকর্মীদের কর্মশালা করার জন্য আমন্ত্রণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশে আমাদের দেশীয় এ ধরনের কর্মশালার মাধ্যমে আমাদের সংস্কৃতির বিনিময় করা যাচ্ছে। এটা আমার নিজের জন্য যেমন, দেশের জন্যও একটা বড় অর্জন।’এর আগে তিনি ফিলিপাইন, হংকংয়ে আমাদের এবং ওখানকার অর্থাৎ দুই দেশের থিয়েটারের মিল-অমিলের ওপর কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।