প্রশ্নবিদ্ধ রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা নাটকের দৃশ্য
প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা নাটকের দৃশ্য

জগতের অস্তিত্ববাদীদের বিশ্বাস যে আগে আমি অস্তিত্বপ্রাপ্ত হই অতঃপর আমি আমার বৈশিষ্ট্য অর্জন করি। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, চিত্রাঙ্গদা ও ডাকঘর এই তিনটি নাটক নিয়ে সে রকমই একটা বিনির্মাণমূলক বৈশিষ্ট্য প্রদানের খেলা ২৩ জানুয়ারি সন্ধ্যায় উপভোগ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। প্রকৃতি, চিত্রা আর অমলকে জন্ম দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর তাদের নবতর বৈশিষ্ট্যে ও আচরণে মঞ্চে তুলে এনেছেন মৈশান।
বলছি শাহমান মৈশানের কথা, যিনি প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামার নির্দেশনা দিয়েছেন। রবি ঠাকুরের পূর্বোল্লিখিত তিনটি নাটকের জারিত রসে পুনর্নির্মিত এই নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের প্রযোজনা।
প্রযোজনাটিতে একটা দৃশ্যক্রম আছে কিন্তু তা কোনো নীতি অনুসরণ করে না। এর দৃশ্যক্রম রেখার বন্ধনে থেকেও অরৈখিক দৃশ্যের সজ্জায় থেকেও অদৃশ্যমান। অধমর্ণ মানুষ, অধস্তন নারী ও অনাস্বাদিত স্বপ্নের অসংখ্য ইমেজ দিয়ে গ্রন্থিত এ নাটকে সমকালীন পরিপ্রেক্ষিতে বীক্ষণ করা হয়েছে পৌরাণিক ও পুরাতন সমাজ পরিপ্রেক্ষিত। নাটকের শুরুতেই তাই আমরা দেখি চাড়ালেরা প্রত্যহ যে দেবতাকে পূজা দেয়, তাকেই তারা প্রশ্ন করছে অধমর্ণের পূজায় কেন কৃপা যায় উচ্চবর্ণের কপালে। তাদের সামনে আবির্ভূত হন বুদ্ধ শিষ্য আনন্দ। তিনি দুই জোড়া বুট জুতা দিয়ে যান তাদের। অতঃপর আনন্দ জল যাচনা করে প্রকৃতির কাছে।
চণ্ডালিকা নৃত্যনাট্যে যা ঘটে, দৃশ্যের অরৈখিক ক্রমান্বয়ে এখানেও তাই ঘটতে থাকে। আনন্দকে আবাহন নৃত্য করতে করতে প্রকৃতির মায়ের মৃত্যু হয়। আনন্দ দেখা দেয়। কিন্তু হায় বুদ্ধ শিষ্য আনন্দের হাতের লাঠি সামরিক লক্ষণধারী বুট জুতার ওপরে ভর করে হেঁটে যায় কেন? হঠাৎ যেন আমার মিয়ানমারের কথা মনে পড়ে। রোহিঙ্গা নিপীড়নের কথা মনে পড়ে।
এ নাটকে আমরা নবতর রূপে চাড়াল চিত্রাকে দেখি কল্পিত প্রান্তর ও জলধারায় কেলি করতে। যেমন পৌরাণিক চিত্রাকে অর্জুনের সঙ্গে মিলতে দেখেছি মণিপুরি অরণ্যে। পৌরাণিক চিত্রা সাজে নারী কিন্তু বৈশিষ্ট্যে যোদ্ধা, যা প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামাতে আসেনি। মৈশানের নাটকে চিত্রা তার সমর সৌকর্য অর্জুনের ওপরে প্রয়োগ করে নারীসত্তার সর্বময়তা রূপে। চাড়ালনামায় চিত্রা যখন অর্জুনকে ফিরিয়ে দেয়, তখন নারী-পুরুষ সম্পর্কের পুরোনো ধারণাকে প্রশ্নবিদ্ধ করে চিত্রা যেন হয়ে পড়ে এক সমকালীন নারী।
রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার ভূমিকায় আমরা পাই ‘প্রথমে প্রেমের বন্ধন মোহাবেশে, পরে তার মুক্তি সেই কুহক হতে সহজ সত্যের নিরলংকৃত মহিমায়’। আর প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামাতে বলার চেষ্টা করা হয়েছে নারীসত্তার নিঃশর্ত সামাজিক বিস্তারই কাম্য।
মণিপুরি নন্দিনী চিত্রা শিবের বরের বিপরীতে নারী জন্ম পেয়েছিল। মণিপুরিরাজের কাছে শিবের বর ছিল তার বংশে পুত্র বই কন্যা জন্মাবে না। তাই চিত্রার জন্মের পর মণিপুরিরাজ তাকে পুরুষের মতো করে গড়ে তুলেছিলেন। আমার মনে হয় মৈশান তার চাড়াল চিত্রার চিত্র অঙ্কনে শিবের এই ‘নারীবিদ্বেষী বর’ দেওয়ার রংও দিতে পারতেন।
প্রকৃতি ও চিত্রার বন্ধনহীন বন্ধনে এ নাটকে আরও যুক্ত ছিল ডাকঘর-এর অমল। এ নাটকেও ফকিরবেশী ঠাকুরদা তার স্বপ্নের দেশ পাখির দেশের গল্প শোনায়। এ নাটকেও অমলের মৃত্যু হয়, সুধা এসে বলে ‘অমল জাগলে কানে কানে বলে দেবে, সুধা তাকে ভোলেনি, কিন্তু এ নাটকে অমল এখানেই থেমে যায় না। অমলের পুনর্জন্ম হয়। অমল স্বপ্নলোকে পৌঁছায়। ঘুড়ি ওড়ায়, ছোটাছুটি করে। রবি বাবুর স্থবির অমল যেন আমাদের সবার স্থবিরতাকে ভেঙেচুরে চলৎশক্তি জোগায়।
এ নাটকের পাত্র-পাত্রীরা রবি বাবুর পাত্র-পাত্রীর অস্তিত্বের ওপর নয়া বৈশিষ্ট্য স্থাপন করেছেন অত্যন্ত নিপুণভাবে। তাঁদের অভিনন্দন। মঞ্চ ও আলোক পরিকল্পনায় নাটকের জন্য যথার্থ একটা নিরাভরণ আবহ তৈরি করেছেন আশিক রহমান, অভিনন্দন তাঁকেও। পুরোনো ও পৌরাণিক চরিত্রগুলোকে সমকালীন সাজে সজ্জিত করেছেন ওয়াহিদা মল্লিক জলি, যা মানানসই হয়েছে। রবীন্দ্রসংগীতের আবহে সংগীতায়োজনও ভালো ছিল।
শাহমান মৈশানের উপসংহার দিয়েই শেষ করি, ‘ফরাসি দার্শনিক দল্যুজের ভাবনা হলো সংখ্যালঘুরাই নতুন চিন্তা করে। আর সৃজন সেটাই, যা সব সময় জনপ্রিয় না।’ রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্নবিদ্ধ করাটা দুরূহ কাজ আর সে কাজ বোঝাটাও কিছুটা দুরূহ হতেই পারে।