প্রসেনজিতে মুগ্ধ কুসুম

‘শঙ্খচিল’ ছবিতে ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রসেনজিতের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের সীমান্তবর্তী এলাকা, কলকাতা ও টাকি নামক স্থানে ছবিটির শুটিং হয়। এক মাসেরও বেশি সময় ধরে ‘শঙ্খচিল’ ছবির শুটিং করেন প্রসেনজিৎ-কুসুম। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রসেনজিতে রীতিমতো মুগ্ধ বলেই জানিয়েছেন কুসুম।
কুসুম বলেন, ‘প্রসেনজিৎ যে ভারতের অত্যন্ত জনপ্রিয় অভিনয়শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। তাঁর বিপরীতে এক ছবিতে অভিনয় করব, কোনো দিনই ভাবিনি। তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কয়েকবার আলাপ হয়েছিল। তবে ‘‘শঙ্খচিল’’ ছবির কাজ করতে গিয়েই কলকাতায় গৌতম ঘোষের বাড়িতে প্রথম মুখোমুখি আলাপ হয় প্রসেনজিতের সঙ্গে। শুটিংয়ের সময় তাঁকে দেখে প্রতিবারই মুগ্ধ হয়েছি। আর শুটিংয়ের অবসরের সময়গুলো তো এককথায় অসাধারণ।’
কুসুম এও বলেন, ‘এবারই প্রথম প্রসেনজিতের বিপরীতে অভিনয় করলাম। তিনি বড়মাপের অভিনয়শিল্পী হলেও শুটিংয়ের সময় একটিবারের জন্যও তিনি আমাকে তা অনুভব করতে দেননি। এমনভাবে আমাকে সহযোগিতা করেছেন, মনে হয়েছে আমরা অনেক দিনের পরিচিত সহশিল্পী। বিষয়টি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শুধু তাই নয়, অভিনয়ের বাইরেও তিনি আমাকে নানা সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন। কেবল একজন বড়মাপের মানুষের পক্ষেই এমনটা করা সম্ভব বলে আমি মনে করি। তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
ঢাকায় ফিরে কুসুম এখন ব্যস্ত আছেন নাটকের শুটিং নিয়ে। এই মুহূর্তে তিনি সাজ্জাদ সুমন পরিচালিত ‘ননস্টপ’ নাটকের কাজ করছেন। ঢাকার উত্তরায় নাটকটির শুটিং চলছে।