প্রসেনজিতের দৃষ্টিতে লালন
শুটিং শুরুর প্রায় আট মাস আগে থেকেই স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন প্রসেনজিৎ। খুব প্রয়োজনীয় কাজ না থাকলে ঘর থেকে বেরোতেন না। এ সময় তিনি কোনো নরসুন্দরের কাছেও যাননি। দীর্ঘ এই সময়টাতে প্রসেনজিৎ লালন ফকিরের রূপ ধারণ করলেন। এ যেন এক অন্য মানুষ। যেখানে তিনি ছিলেন কলকাতার চলচ্চিত্রের অসম্ভব ব্যস্ত একজন শিল্পী, সেখানে তিনি সব ছবির কাজ বন্ধ করে দিয়েছিলেন। এক মনের মানুষ ছবিটির জন্যই তিনি এতটা ত্যাগ স্বীকার করেছিলেন। মুঠোফোনে কথা বলে এমনটাই জানা গেল তাঁর কাছে। যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি কলকাতা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে, সেখানে একটি চলচ্চিত্রের শুটিং করছিলেন। বললেন, ‘একটা ইচ্ছা ছিল গৌতম বাবুর ছবিতে কাজ করব। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আর সেই ইচ্ছাটা এমন একটি চরিত্রের মাধ্যমে পূরণ হলো যে, সত্যিই অভিনেতা হিসেবে কিছুটা সম্মানিত মনে করছি নিজেকে।’বাংলাদেশি শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে প্রসেনজিৎ বললেন, ‘আসলে আমি কোনো ভাগাভাগিতে বিশ্বাসী নই। এটুকু বলতে পারি, যাঁরা ছবিতে কাজ করেছেন, তাঁরা সবাই সেরা। আর যদি নাম ধরে বলতে বলেন, তাহলে বলব, আসাদ দাদা, চম্পা, চঞ্চল এঁরা জাতশিল্পী। নতুন হিসেবে তাথৈ তো খুবই ভালো কাজ করেছে। আসলে সব শিল্পীই ভালো কাজ করেন। কাজটা কেমন হলো এটাই বড় কথা। মনের মানুষ ছবি মুক্তির পরই না বাকিটা বোঝা যাবে।’