প্রসেনজিতের বিপরীতে নিপুণ
এবারই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করছেন নিপুণ। তাও আবার প্রথম ছবিতেই প্রসেনজিতের বিপরীতে। ছবির নাম পরিচয়। ৫ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং করছেন নিপুণ। গতকাল শনিবার দুপুরে কলকাতায় মুঠোফোনে যোগাযোগ হয় নিপুণের সঙ্গে। তিনি বললেন, ‘এই ছবিতে দুটি উল্লেখযোগ্য চরিত্র আছে। তার একটিতে অভিনয় করছেন বুম্বাদা (প্রসেনজিৎ) আর অন্যটিতে ফেরদৌস। ফেরদৌস ভাই আমার ব্যাপারে ছবিটির পরিচালক রূপালী চ্যাটার্জি আর প্রযোজক সমু গওয়ালের সঙ্গে আলোচনা করেন। এভাবেই আমি ছবিটির সঙ্গে যুক্ত হয়েছি। ছবিতে আমি বুম্বাদার বিপরীতে অভিনয় করছি। এটা আমার অভিনয়জীবনের অন্যতম বড় একটি পাওয়া।’শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নিপুণ বললেন, ‘বুম্বাদার সঙ্গে অভিনয় করব, এটা ভেবেই আমার খুব ভয় হয়েছিল। শেষে বুম্বাদা এসে যখন আমার কাছে নিজের পরিচয় দিলেন, তখন আমার মাঝ থেকে সব ভয়ভীতি দূর হয়ে যায়। এরপর অভিনয় করতে গিয়ে আর কোনো অসুবিধা হয়নি।’নিপুণ জানালেন, তিনি ১১ মার্চ ঢাকায় ফিরছেন। আবার কলকাতায় যাবেন ১৭ মার্চ। এই সময়টাতে প্রসেনজিতের সঙ্গেই তাঁর শুটিং হচ্ছে।