প্রসেনজিৎ আউট রাজ চক্রবর্তী ইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী

২০১৯-এ ২৫ বছরে পদার্পণ করবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সে তোড়জোড় শুরু হয়েছিল গেল বছর থেকেই। তার আগে এবার বড় পরিবর্তন দেখা গেল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর উৎসব উদযাপন কমিটির নতুন চেয়ারম্যান থাকছেন না, নতুন চেয়ারম্যান হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।

জানা গেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর নিজস্ব ব্যস্ততার কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বৈঠকে হাজির থাকতে পারেননি। আর সে জন্যই একটা সম্ভাবনা উঠে আসছিল যে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে সম্ভবত এবার সরে যেতে চলেছেন প্রসেনজিৎ। টালিপাড়ায় এত দিন যা কানাঘুষা শোনা যাচ্ছিল, সেই জল্পনাকে সত্যি করেই এই পদে এবার আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও অ্যাক্সিকিউটিভ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই চোখে পড়ে এই বিরাট চমক। উৎসবের জেনারেল বডি ও অ্যাক্সিকিউটিভ কাউন্সিলও নতুন করে গঠিত হয়েছে। এই বছর উৎসব কমিটির চেয়ারম্যানের পদে থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী ও সহচেয়ারম্যানের পদে ইন্দ্রনীল সেন। কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অবশ্য ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের অ্যাপেক্স অ্যাডভাইজরি কমিটির যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইজরি কমিটিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল।

২০১৮ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দৃশ্য
২০১৮ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দৃশ্য

ভারতের সংবাদমাধ্যমকে পরিচালক রাজ বলেন, ‘আমিও মানুষের মুখে শুনছি। অফিশিয়ালি চূড়ান্ত কিছু জানি না। তবে সরকারের পক্ষ থেকে যদি এই দায়িত্ব আমাকে দেওয়া হয়, তা পালনের সব রকম চেষ্টা করব। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা করব।’ তথ্যচিত্র ও শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে রাজকে আগেই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবছর ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা এই উৎসব উদ্বোধন করেন।