
প্রথম প্রেম
আমি তখন মতিঝিল মডেল হাইস্কুলের ছাত্রী ছিলাম। সেই সময় বড় বোনের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল আমার। ছেলেটি তখন কলেজে পড়ত। বোনের বন্ধু হওয়ার কারণে প্রায়ই আমাদের বাসায় আসত ছেলেটি। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। অনেক গল্প হতো। একদিন ছেলেটি একটি চিরকুট রেখে যায় আমাদের বাসায়। খুলে দেখি, আমাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছে। আমারও ভালো লাগত তাঁকে। প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেলাম। ঠিক মাস তিনেকের মাথায় প্রেমের কথা বাসায় জেনে যায়। মা–বাবা দুজনই খুব বকাবকি করলেন। বকা খেয়ে ওই দিনই সম্পর্ক ছিন্ন করি।
প্রথম ক্যামেরার সামনে
২০১২ সালের কথা। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হতে গিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। একক কোনো মডেল ছিল না বিজ্ঞাপনে। পুরো টিমের কাজ। টিমটাও ছিল অনেক বড়। শুটিং হচ্ছিল গাজীপুর। পরিচালক ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। শুটিংয়ের আগে থেকেই আমি খুবই নার্ভাস ছিলাম। শট নেওয়ার সময় আমার এক্সপ্রেশন মোস্তফা সরয়ার ফারুকীর কাছে ভালো লেগে যায়। তিনি আলাদা করে আমার কয়েকটি শট নিয়েছিলেন। সেগুলো পর্দাতেও রেখেছিলেন।
প্রথম পারিশ্রমিক
সম্ভবত আমি তখন পঞ্চম শ্রেণির ছাত্রী। তখন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে নাচ করেছিলাম। নাচের জন্য পারিশ্রমিক হিসেবে এক হাজার টাকা পেয়েছিলাম। টাকা পেয়ে কী যে আনন্দ হয়েছিল সেদিন। সেই টাকা দিয়ে বাবা–মা, বোন সবার জন্যই উপহার কিনেছিলাম। মনে আছে, বাবাকে একটি কলম কিনে দিয়েছিলাম।
প্রথম অটোগ্রাফ
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ওই বিজ্ঞাপন সব চ্যানেলে ব্যাপক প্রচার চলছিল। লোকজন মোটামুটি চিনতে শুরু করেছেন আমাকে। এর মধ্যে কক্সবাজার একটি শো করতে গিয়েছিলাম আমি। ওখানকার কেএফসিতে বসে খাবারের জন্য অপেক্ষা করছি। সেই সময় দুটি ছেলে ও একটি মেয়ে এসে আমার কাছে অটোগ্রাফ চাইলেন। আমি তো অবাক! বিস্মিতও হয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা খুশি হয়েছিলেন। দিনটির কথা মনে পড়ে এখনো।
প্রথম বইপড়া
বাবা–মা, বড় বোন সবাই একসময় বই পড়তেন। আমাদের বাসায় একটি বড় শেলফ ছিল। শেলফভর্তি প্রচুর বই ছিল। বাসার সবার দেখাদেখি আমিও বইপড়া শুরু করি। অষ্টম, নবম শ্রেণিতে থাকাকালে প্রচুর বই পড়েছি। প্রথম পড়েছিলাম হিমু। হিমু সিরিজের সব বই-ই মোটামুটি পড়েছি। এরপর আজ দুপুরে তোমার নিমন্ত্রণসহ অনেক বইপড়া হয়েছে। এখন কাজের ব্যস্ততায় সময় বের করে আর বই পড়া হয় না। তবে ইদানীং মনে হচ্ছে, অভিনয়টা আরও ভালো করে জানতে, শিখতে বই পড়ার কোনো বিকল্প নেই। সিদ্ধান্ত নিয়েছি, আবার বই পড়া শুরু করব।
অনুলিখন: শফিক আল মামুন