
রাত পেরুলেই ঘুচবে সব রহস্য। পিকে তার খোলস থেকে বেরিয়ে আসবে। দুঃখিত! খোলস থেকে তো সে বেরিয়েছে প্রথম দিনই! আর সেই বেরিয়ে আসা নিয়ে তো আর কম হুল্লোড় হলো না। বিবস্ত্র আমির! চারদিকে ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল এ নিয়ে। কিন্তু এরপর আমিরের অদ্ভুত ‘বেশ’ সবার মুখে তালা ঝুলিয়ে দিয়েছে। আমিরের চাহনি থেকে শুরু করে তার চলন—সবটাই এক মজার রহস্যে মাখা। যে রহস্য ভেদ করতে হলে পিকে না দেখে উপায় নেই।
পিকে ছবিতে আমিরকে দেখা যাবে ভিনগ্রহের প্রাণীর চরিত্রে। কিম্ভুতকিমাকার সাজপোশাক, অদ্ভুত চালচলন। ট্রেলারে দেখেই অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। কিন্তু ট্রেলারেই কি আর শেষ হচ্ছে সব চমক? আমির বলে কথা। তার ওপর আমিরের সঙ্গে পরিচালক রাজকুমার হিরানি। সোনায় সোহাগা বলতে যা বোঝায়, ঠিক তেমনই এক প্যাকেজ এই পিকে।
পিকে নিয়ে যে খবরই আসে মিডিয়ায়, তা ছড়িয়ে যায় আলোর চেয়েও আর দ্রুতগতিতে। আমির এ ছবির জন্য প্রস্তুতি নিয়েছেন লম্বা সময় ধরে। পরিচালক রাজকুমার হিরানি জানান, থ্রি ইডিয়টস ছবির আগে শুরু হয়েছিল পিকে। সে সময়ই আমির এ চরিত্র নিয়ে কাজ শুরু করেন। থ্রি ইডিয়টস ছবিতে আমির যুক্ত হন অনেক পরে, কিন্তু পিকে ছবির জন্য আমিরই ছিলেন হিরানির প্রথম এবং একমাত্র পছন্দ।
আমির মিস্টার পারফেকশনিস্ট। এ ছবির বেলায়ও নিজেকে সে ছাঁচে ফেলেই কাজ করেছেন তিনি। শুরু করা যাক তাঁর চুল থেকে। এলিয়েনসুলভ সাজ নেওয়ার জন্য পাঁচ দফা নিজের চুলের ধরন বদলেছেন আমির। সোনালি চুল, লম্বা, ঝাঁকড়া, ঝরঝরে, সোজা চুল—নানা রকমের হেয়ারস্টাইল বদলে অবশেষে খুব সাধারণ ঢঙেই তিনি চুল ছাঁটেন পিকে ছবির জন্য। আমিরের একটাই চাওয়া ছিল, চুল এমনভাবে থাকবে যেন তাঁর খরগোশের মতো কানজোড়া আরও বেশি ছড়ানো মনে হয়। এ তো গেল চুল আর কানের অংশ। এখন আসা যাক চোখে। এ ছবিতে সবুজ চোখে দেখা যাবে আমিরকে। আর সবচেয়ে মজার ব্যাপার, ছবিতে নাকি একবারও চোখের পলক ফেলতে দেখা যাবে না তাঁকে। সত্যিই, পুরো ছবিতে তা-ই ঘটেছে। তবে ট্রেলারে কিন্তু আমিরকে দু-তিনবার চোখের পলক ফেলতে দেখা গেছে। আর ভক্তমহলে এ নিয়ে এখন কানাকানির শেষ নেই। পারফেকশনিস্ট হয়ে এত বড় ভুল করলেন আমির!

এবার চোখ থেকে নামা যাক আরেকটু নিচে। অর্থাৎ আমিরের মুখে। ‘পিকে’ নামের এলিয়েন পৃথিবীতে এসেই পানের প্রেমে পড়ে যান। তাই ছবিতে দেখা যাবে আমিরের মুখ সব সময় পান খেয়ে লাল হয়ে আছে। এ জন্যও আমিরের পরিশ্রম করতে হয়েছে প্রচুর। প্রতিদিন সেটে এসেই মুখে পুড়ে নিতেন ৮-১০টা পান। যেন ঠোঁটের রং হয় একেবারে টকটকে লাল। তা ছাড়া প্রতি দৃশ্যের শেষেও আমির নিয়ম করে পান খেতেন। যেন ঠিকঠাক থাকে ঠোঁটের রং। সব মিলিয়ে ছবির শুটিং শেষ হওয়ার পর আমির জানান, তিনি প্রায় এক হাজারের বেশি পান খেয়েছেন পিকে ছবির জন্য। শুধু মুখের রংই নয়, মুখের বুলির জন্যও খেঁটেছেন আমির। আজ থেকে দুই বছর আগে পিকের জন্যই আমির শেখা শুরু করেন ভোজপুরি ভাষা। ভোজপুরি লেখক শান্তি ভূষণের কাছ থেকে নেন ভোজপুরির পাঠ।
শুধু আমিরই নন, ছবির বাকি শিল্পীরাও কিন্তু এই পিকের জন্য কম খাটুনি করেননি। পরিচালক হিরানির অনেক দিনের ইচ্ছে ছিল তাঁর ছবির নায়িকার চুল হবে ছোট। এ জন্য থ্রি ইডিয়টস ছবির সময়ই তিনি কারিনাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কারিনার সম্মতি না মেলায় তখন ওই স্বপ্ন পূরণ হয়নি হিরানির।
তবে পিকের জন্য আনুশকা শর্মা পূরণ করেছেন তাঁর পরিচালকের স্বপ্ন। পিকেতে অবশেষে হিরানির স্বপ্নের নায়িকার বেশে সেজেছেন আনুশকা! ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সঞ্জয় দত্তও পিকের জন্য পরিশ্রম করেছেন অনেক। কারাগারে যাওয়ার দিন পর্যন্ত তিনি কাজ করেছেন পিকের সেটে। সেই সেটেই থাকা, খাওয়া, ঘুম এমনকি বিবাহবার্ষিকীও উদ্যাপন করেন। তাই ছবির প্রতিটি প্রচারণা অনুষ্ঠান আর আয়োজনে পরিচালক হিরানি এবং আমির স্মরণ করেছেন কারাগারে থাকা এই বন্ধুর কথা।