প্রস্তুত মাধুরী দীক্ষিত
নয় বছরের আরিন, সারাক্ষণ ছাম্মাক ছাল্লোর নাচের মুদ্রা রপ্ত করতে ব্যস্ত। রা ওয়ান ছবির এই গানের ভূত তার মাথা থেকে নামানোই যাচ্ছে না। সাত বছরের রায়ানের আবার পছন্দ পুঙ্গি বাজা কার। এজেন্ট বিনোদ ছবিতে সাইফ আলী খান যেভাবে নাচেন, ঠিক সেভাবেই রায়ানের নাচতে হবে। বলিউডের সবকিছু এখন নখদর্পণে আরিন-রায়ানের। এক বছর আগেও অবশ্য দৃশ্যপট ছিল ভিন্ন। মার্কিন মুলুুকে জন্ম নেওয়া এই দুই রাজপুত্র মাধুরী দীক্ষিতের। বলিউডের একসময়ের ‘সম্রাজ্ঞী’ মাধুরী খ্যাতি-যশ-অর্থের মায়া ছেড়ে শুধু সংসার করার নিয়তে শ্রীরাম নেনের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। কাঁচাবাজার করা থেকে স্বামী-সন্তানের জন্য রান্না, গাড়িতে তেল নেওয়া—আর দশটা সাধারণ মানুষের মতো মাধুরীকেও এসব কাজ করতে হতো। মাধুরীর ভাষায়, তিনি মনের আনন্দে নিজের সংসারের দেখভাল করতেন। সে সময় মাধুরীর ছেলেরা বোঝেনি, তাদের মা ভারতে কতটা জনপ্রিয়। তবে এবার দেশে ফিরে তাদের এতটুকু বুঝতে বাকি নেই বলিউডে ‘মাধুরী’ একটি ব্র্যান্ড। গত অক্টোবরে তল্পিতল্পা গুটিয়ে স্বামী-সন্তান নিয়ে মাধুরী ফেরত এসেছেন স্বদেশে। স্বামী-স্ত্রী মিলে নতুন ফ্ল্যাট কিনেছেন, ছেলেদের নতুন স্কুলে ভর্তি করিয়েছেন, শল্যচিকিৎসক স্বামী নতুন চেম্বার খুলে কাজ শুরু করেছেন। মা মাধুরীও বা দূরে থাকবেন কেন? তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর পুরোনো পেশায়—অভিনয় ও নাচে! মাধুরীর এই প্রত্যাবর্তনে তাঁর ভক্তরা যতটা খুশি, ঠিক ততটাই খুশি তাঁর স্বামী, মা-বাবা ও সন্তানেরা। তাঁদের অনুরোধেই মাধুরী আবারও সনি টিভির নাচের রিয়েলিটি শো ঝলক দিখলা জার বিচারক হয়েছেন। তাও আকাশ-ছুঁই পারিশ্রমিকে। মাধুরীর সঙ্গে এবারও নৃত্যপরিচালক রেমো ডি সুজা থাকবেন বিচারকের আসনে। আর নতুন বিচারকের পদ অলঙ্কৃত করছেন নির্মাতা করণ জোহর। করণের বিষয়ে মাধুরী একদিন তাঁর স্বামীর সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ বড় ছেলে আরিন বলে বসে, ‘ও! সেই করণ? কফি গাই! (কফি উইথ করণ চ্যাট শোয়ের উপস্থাপক করণ জোহর)!’ হাসতে হাসতে মিসেস নেনে বলেন, ‘তাহলে বুঝুন, আমার ছেলেরা কতটা বলিউড বিশেষজ্ঞ হয়ে উঠেছে।’ এবারের ঝলক দিখলা জা শুরু হচ্ছে ১৬ জুন। মাধুরী জানান, এবার এই শোতে অংশ নেবেন অভিনেতা রবি কিষাণ, টিভি অভিনেত্রী গুরমিত চৌধুরী, বালিকা বধূ অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি, ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া, গজলের তালাত আজিজ, কিশোর অভিনেতা দারশিল সাফারি, গোপি বউ গিয়া মানিক, কমেডিয়ান ভারতি সিং, বলিউড অভিনেত্রী ইশা শর্বানি, গায়িকা শিবানি দান্ডেকার, উপস্থাপক অর্চনা বিজয়া, টিভি-মঞ্চের জয়তী ভাটিয়া। মাধুরী বলেন, ‘প্রতিযোগীরা বেশির ভাগই নৃত্যশিল্পী নন। আমি সেটা জেনেই বিচার করব। তাদের কাছে স্রেফ একজন বিচারক নয়, ভুলত্রুটি ধরিয়ে, টিপস দিয়ে বন্ধু হতে চাইব।’ অতীতের কিংবদন্তি অভিনেত্রীদের স্মরণ করে শোতে একটি নাচ করবেন মাধুরী। এ ব্যাপারে তিনি বলেন, ‘পাকিজাহ আমার প্রিয় ছবি। মীনা কুমারীর নাচ আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। এই শোতে তো তাঁকে গান করতেও দেখা যাবে। হঠাৎ মাইক্রোফোনের সামনে? ‘ঝলক দিখলা জা শোটাই এমন—সবাই তার অন্য সত্তাকে সবার সামনে তুলে ধরবে। জয়াসুরিয়া ক্রিকেট পিচ ছেড়ে নাচের মঞ্চ কাঁপাবেন। করণ জোহর আবৃত্তি করবেন। আমিও তাই “কাভি কাভি মেরে দিল মে” গানটি অন্যভাবে গাইবার চেষ্টা করব। ভুলে যাবেন না, আমার মা হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে মাস্টার্স করেছিলেন। আমি তাঁর মেয়ে। একটু-আধটু তো গান গাইবার সাহস করতেই পারি।’ এই শোতে তারে জামিন পার-এর কিশোর অভিনেতা দারশিলের নাচ কীভাবে বিচার করবেন? এ প্রসঙ্গে মাধুরী বলেন, ‘কোনো প্রতিযোগীর বয়স আমরা মাথায় রাখব না। বিচার সবার জন্য সমান হবে।’ মাধুরীর সব কথাতেই তাঁর ছেলেদের প্রসঙ্গ চলে আসে। ঝলক দিখলা জা শো নিয়ে নাকি ওরা বেজায় উত্তেজিত। মাধুরী প্রতিযোগীদের কত নম্বর দেন তা দেখার জন্য তৈরি আরিন-রায়ান।নতুন করে মাধুরী বলিউডে ব্যস্ত হতে যাচ্ছেন। ছেলেদের সময় দেবেন কী করে? মাধুরী বলেন, ‘আমার সব সময় ভাগ করা। তা ছাড়া আমি যখন ব্যস্ত থাকব, তখন ওদের নানা-নানি দেখাশোনা করবেন। আর ভুলে যাচ্ছেন কেন, আরিন-রায়ান আমার চেয়েও বেশি ব্যস্ত। স্কুল, সাঁতার শেখা, জুডো শেখা, পেইন্টিং ক্লাস, তবলা শেখা, স্কোয়াশ, নাচ, বন্ধুদের সঙ্গে ঘোরার পর ওদের হাতে আর আমার জন্য সময়ই থাকে না। আর তাই সিদ্ধান্ত নিয়েছি, বছরে এখন থেকে অন্তত দুটি ছবি করব।’ সম্প্রতি মাধুরী দীর্ঘ পাঁচ বছর পর দুটি ছবি সই করেছেন। ইশকিয়া ছবির সিকুয়্যাল দেশ ইশকিয়া এবং রা ওয়ান পরিচালক অনুভব সিনহা প্রযোজিত ছবি গুলাব গ্যাং। শেষ ছবিটি নারীকেন্দ্রিক হলেও দেশ ইশকিয়া নারীকেন্দ্রিক নয়—এমন দাবি মাধুরীর। ইশকিয়া ছবির জন্য তো বিদ্যা বালান সব পুরস্কার পেয়েছিলেন। মাধুরী কি সেই কারণেই...? প্রশ্ন শেষ হওয়ার আগেই চলে আসে উত্তর, ‘আমি পুরস্কারের জন্য কাজ করি না। ইশকিয়াতে নাসির উদ্দিন শাহের সঙ্গে কাজ করার সুযোগ পাব। আরশাদ ওয়ার্সি, কঙ্গনা রনৌতরাও ভালো করছে। কঙ্গনার সঙ্গে একটি নাচে অংশ নেব। সব মিলিয়ে অনেক মজার হবে ছবিটি। গুলাব গ্যাং গ্যাংস্টারভিত্তিক ছবি নয়, আমিও ছবিতে গ্যাংস্টারের চরিত্রে কাজ করব না। গ্রামের মেয়েদের সমস্যা সমাধান করব আমি, মাহি গিল, শিল্পা শুক্লা।’ ২৬ বছরের অভিনয় জীবনে প্রায় ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন মাধুরী। সম্প্রতি জীবনের বয়স ৪৫ পূর্ণ করেছেন তিনি। তবে তাঁর উৎসাহ কমেনি এতটুকু, বরং বেড়েছে। মাধুরীর আশা, নতুন দুই ছবিও তাঁর ক্যারিয়ারের সাফল্যের ভান্ডার বাড়াবে। এ জন্য মাধুরী শরীরের ওজন কমিয়ে আগের মতো শেপে এসেছেন। মাধুরী বলেন, ‘যখন কোনো মেয়ের বাচ্চা হয়, স্বাভাবিকভাবেই তাঁর জীবনের ছক বদলে যায়। সবকিছুই তখন বাচ্চাকে ঘিরে আবর্তিত হয়, নিজের সৌন্দর্যের চিন্তা করার চেয়ে বাচ্চাদের ভালো-মন্দ চিন্তাটাই তখন বেশি করা হয়। এটাই উচিত। তাই কেউ যখন নায়িকা-মাদের বাড়তি ওজন নিয়ে গবেষণা করে, তখন তাঁদের চিন্তাধারাকে আমার খুব “সস্তা” মনে হয়। আমি আমার অবস্থান নিয়ে সব সময় আত্মবিশ্বাসী ছিলাম, আছি, থাকব। অন্তত আমি সন্তুষ্ট এটা ভেবে, দীর্ঘদিন ধরে কষ্ট করে যে মাধুরী ব্র্যান্ডটি তৈরি করেছিলাম, তা এখনো বিলীন হয়নি। সবাই এখনো আমাকে চান। আমিও এই ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত।’ রুম্মান রশীদ খানইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ডেইলি ভাস্কার, মিড ডে, ফিল্মফেয়ার, রেডিফ ডট কম অবলম্বনে