শরতের আকাশে সাদা মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের লুকোচুরি খেলা। পড়ন্ত বিকেলে এক পশলা বৃষ্টি শেষে ভ্যাপসা গরম। তার সঙ্গে নগর জীবনের নিত্যদিনের দুর্ভোগচিত্র রাস্তার যানজট। যেতে হবে মগবাজার পেরিয়ে গাবতলা বাজার। শাহবাগ থেকে যার স্বাভাবিক দূরত্ব ৩০ মিনিট। কিন্তু যানজটের কারণে ৩০ মিনিটের অদূর পথ হয়ে যায় সুদূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বসে ভাবতে ভাবতে রওনা দিলাম গন্তব্যের দিকে। কিন্তু রাস্তায় দেখা গেল তাজ্জব চিত্র! নেই কোনো যানজট! মাত্র ১৫ মিনিটে পৌঁছে গেলাম গন্তব্যের কাছাকাছি।গন্তব্যে পৌঁছাতেই কানে ভেসে আসে মুঘল সম্রাটদের খাসমহলের কাওয়ালি পরিবেশনা। সত্যি সত্যিই কী মোঘল সাম্রাজ্যে চলে এলাম? না। মহড়া চলছিল মোঘল সম্রাটের গল্প নিয়ে ‘প্রাঙ্গণে মোরে’র নতুন প্রযোজনা আওরঙ্গজেব নাটকের। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় অনন্ত হিরা।যথাসময়ে মহড়া শুরু। মঞ্চে আসেন বৃদ্ধ সম্রাট শাহজাহান। ভোরবেলা আগ্রা দুর্গের অভ্যন্তরে খাসমহলের একটি কক্ষ। দূরপানে তাকিয়ে এক নজর দেখে নিলেন তাজমহলের সৌন্দর্য।দুটি চেয়ার জোড়া দিয়ে তৈরি করা হয়েছে সম্রাটের জন্য চমৎকার আসন। পাশে বসে মহড়া দেখছিলেন ফয়েজ জহির। তিনিই নাটকটির সেট এবং আলোক-পরিকল্পনার কাজ করছিলেন।প্রথম দৃশ্যে সম্রাট শাহজাহানের একটি সংলাপ ‘আমি সুস্থ হতাম যদি সুজা, মুরাদ ও আওরঙ্গজেবকে আমার সামনে দাঁড় করিয়ে বেত্রাঘাত করতে পারতাম। বেতমিজরা আমাকে গ্রাহ্যই করছে না। অসুস্থ বলে নিজের আওলাদদের হাতে আজ আমি লাঞ্ছিত হচ্ছি’—এই থেকে বোঝা যাচ্ছে সম্রাট শাহজাহানের কোন সময়টাকে ধরে নাটকটির গল্পের সূত্রপাত হয়েছে। দেশ পরিচালনায় ধর্মের অনুশাসন নিয়ে সম্রাট শাহজাহান এবং দারার সঙ্গে চিন্তা ও মতাদর্শগত বৈরিতা সৃষ্টি হয় আওরঙ্গজেবের। রক্তের সম্পর্কে আসে শত্রুতা। সন্তানদের অবাধ্যতা ও সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে সম্রাট শাহজাহানের দুঃসময়ের নানা চিত্র নিয়ে এগোতে থাকে নাটকটির গল্প। তারপর ঘটল একটা মজার ঘটনা। অসুস্থ সম্রাট দাওয়াইয়ের পরিবর্তে কন্যা জাহানারার কাছে চাইলেন আফিম। ঠিক ওই মুহূর্তে পাশ থেকে একজন সম্রাটের আসনের নিচে একটা বোতল রেখে দিলেন। ভাবলাম, সম্রাটের জন্য আফিম রাখা হয়েছে। দৃশ্যটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সম্রাট আফিম খাবেন কখন? পরে বোঝা গেল, বোতলটি নাটকের প্রয়োজনে রাখা হয়নি। সংলাপ দিতে গিয়ে সম্রাটের গলা শুকিয়ে যায়, তাই তাঁর জন্য পানি রাখা হয়েছে। এগোতে থাকে নাটকের গল্প। বিরতির কাছাকাছি চলে এলাম। কিন্তু কখন আসবেন আওরঙ্গজেব? মুহূর্তেই শাহজাহানের সংলাপ ‘শাহজাহানের জামানা খতম! যদি তা-ই হয়, তা হলে আমার সব কিছু খতম করে ফ্যালো। মোঘলশাহি থেকে আমার নামটা মুছে দাও। লালকেল্লা ভেঙে গুঁড়িয়ে দাও। ময়ূর সিংহাসনে আগুন লাগাও, কামান দেগে তাজমহলটা ছাই করে ফ্যালো, রামদাস লালখানদের মতো গায়কের গলায় গরম সিসা ঢেলে দাও, সমস্ত শরীর জ্বালিয়ে দাও।’সম্রাট শাহজাহানের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরাও যেন চলে এলাম এই জামানায়। আমাদের নিত্যদিনের ভোগান্তি বিদ্যুৎবিভ্রাট। বিদ্যুৎ চলে গেল, নাটকের গল্পের বিরতি হলেও বিরতি হলো না মহড়ার। প্রচণ্ড গরমের মধ্যে চলছে মহড়া। শিল্পীরা ঘেমে একাকার। মনে হচ্ছিল, এই বুঝি যমুনা থেকে ডুব দিয়ে এসে মঞ্চে দাঁড়িয়েছেন। মঞ্চে প্রবেশ করলেন অনন্ত হিরা, মাথায় টুপি, হাতে তসবি ও জায়নামাজ। পেছনে আরও চার-পাঁচজনসহ নামাজে দাঁড়ালেন। হঠাৎ নামাজ! ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আবহসংগীত ও সেটের পরিবর্তনে বোঝা যাচ্ছিল আওরঙ্গজেব দিল্লির দর্শন দরবার। অর্থাৎ নাটকের গল্পের এই অংশে আওরঙ্গজেবের প্রবেশ। ভ্রাতৃহত্যা ও পিতাকে বন্দী করার মতো নিষ্ঠুর কাজ করতে কুণ্ঠাবোধ করেননি আওরঙ্গজেব।জীবনসায়াহ্নে এসে অনুভব করলেন, ‘ভুলগুলো যখন ধরতে পেরেছি তখন শোধরাবার সময় নেই। পুরো জীবন ভুলে ভরা, ভুলের ওপর প্রাসাদ গড়ে নিজেকে ধ্বংস করেছি। সাম্রাজ্যটাও ধ্বংসের মুখে।’ জীবনের অফুরন্ত ভুলের জন্য অনুশোচনায় অনুতপ্ত আওরঙ্গজেব আর্তনাদ করছিলেন।নাটকের গল্পের ভেতরে এতটাই নিজেকে সম্পৃক্ত করেছিলেন তার অনুভবে চেহারার ভাষাটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। চলে এলাম নাটকের শেষ দৃশ্যে। মৃত্যু-যন্ত্রণায় অস্থির আওরঙ্গজেব। কণ্ঠে তাঁর উচ্চারিত হয় শেষ উপলব্ধির বাণী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির কারিগরি মহড়া হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা সাতটায়। একই সময়ে একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ২৮ সেপ্টেম্বর।