প্রাঙ্গণে মোর মঞ্চে আনছে ‘শেষের কবিতা’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাঙ্গণে মোর মঞ্চে আনছে নতুন নাটক শেষের কবিতা। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। উপন্যাসের নামেই নাটকের নাম শেষের কবিতা। প্রায় মাস খানেক যাবৎ মহড়া হচ্ছে নাটকটির। জানা গেছে, আগামী জুন মাসে মঞ্চে আসবে এই নাটক।অনন্ত হীরা বললেন, ‘রবীন্দ্রনাথের এই উপন্যাসে অনেক নাটকীয়তা আছে। আমরা সেই অংশগুলোকে মঞ্চনাটকের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি। রবীন্দ্রনাথের অসংখ্য গান ও কবিতার ব্যবহার থাকছে এই নাটকে। তবে তা করা হয়েছে কখনো কোরিওগ্রাফি, কখনো বা চরিত্রের মেজাজ এবং নাটকের প্রয়োজনে।’তিনি জানালেন, একেবারেই লোকজ বর্ণনাত্মক রীতির আঙ্গিকে নাটকটির নাট্যরূপ দেওয়া হয়েছে। এর নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ।রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাস অবলম্বনে নূনা আফরোজ মঞ্চে প্রথম নির্দেশনা দেন স্বদেশী নাটকের। এরপর নির্দেশনা দিয়েছেন রক্তকরবী নাটক। এবার শেষের কবিতা নাটকের নির্দেশনার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘অনেক দিন ধরেই প্রাঙ্গণে মোরের নতুন নাটকের ব্যাপারে ভাবছিলাম। অবশেষে আমরা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। নিয়মিত মহড়া করছি।’শেষের কবিতা প্রাঙ্গণে মোর দলের ষষ্ঠ প্রযোজনা। গত বছরের জুন মাসে প্রাঙ্গণে মোর সর্বশেষ মঞ্চে এনেছে কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য অবলম্বনে দ্রোহ-প্রেম-নারী নাটক।