প্রাঙ্গণে মোর মঞ্চে আনছে ‘শেষের কবিতা’
রবীন্দ্রসাহিত্য থেকে প্রাঙ্গণে মোর এ পর্যন্ত মঞ্চে এনেছে শ্যামা প্রেম, স্বদেশী ও রক্তকরবী। এবার নাটকের এই দলটি মঞ্চে আনছে শেষের কবিতা। রবীন্দ্রনাথের উপন্যাস থেকে নাটকটির মঞ্চরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ। জানা গেছে, ২৬ আগস্ট ভারতের কলকাতার মধুসূদন মঞ্চে পূর্ব-পশ্চিম আয়োজিত নাট্যোৎসবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এর আগে ১১ ও ১২ আগস্ট নাটকটির দুটি কারিগরি প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।প্রাঙ্গণে মোর দলের প্রধান অনন্ত হিরা বলেন, ‘প্রাঙ্গণে মোর শুরু থেকে বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের চর্চাকে একটি নিয়মিত চর্চিত প্রয়াস হিসেবে গ্রহণ করেছে এবং তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর একটি অপরিহার্য ব্যাপার। রবীন্দ্রসাহিত্যের যে জীবন দর্শন, যে সত্য সুষমা—তাকে প্রাঙ্গণে মোর প্রাণ দিয়ে ধারণ করতে চায়, বুঝতে চায়, কাজে লাগাতে চায় বাংলার নাট্যমঞ্চে। তারই ধারাবাহিকতায় আমরা এরই মধ্যে রবীন্দ্রনাথের তিনটি নাটক মঞ্চে এনেছি। এবার আনছি শেষের কবিতা।’জানা গেছে, এখন নাটকটির নিয়মিত মহড়া হচ্ছে।