প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’
প্রাঙ্গণেমোর এবার মঞ্চে আনছে নতুন নাটক আওরঙ্গজেব। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা থেকে নির্দেশনা দিচ্ছেন অনন্ত হিরা। এ মাসের শেষ দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এর আগে হবে কারিগরি মঞ্চায়ন। প্রাঙ্গণেমোর শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের চর্চা করছে। এরই মধ্যে নাটকের এই দলটি রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটক মঞ্চে এনেছে—শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে শ্যামাপ্রেম, চার অধ্যায় উপন্যাস অবলম্বনে স্বদেশী, রক্তকরবী ও শেষের কবিতা উপন্যাস অবলম্বনে শেষের কবিতা। এ ছাড়া আরও এনেছে চারণকবি মুকুন্দ দাসের জীবননাট্য লোকনায়ক ও কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য অবলম্বনে নাটক দ্রোহ প্রেম নারী। এবার আনতে যাচ্ছে আওরঙ্গজেব। নাটকটির ভাবনা প্রসঙ্গে অনন্ত হিরা জানান, যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যেকোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম আওরঙ্গজেব।নাটকে আওরঙ্গজেব চরিত্রে অনন্ত হিরা, শাহজাহান চরিত্রে রমিজ রাজু এবং রওশন আরা চরিত্রে নূনা আফরোজ অভিনয় করছেন।