প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেলে ‘নৃত্যের অনুরণন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো সমকালীন নৃত্যের অনুষ্ঠান ‘নৃত্যের অনুরণন’। প্রাচ্য ও পাশ্চাত্যের নৃত্যশৈলীর ফিউশনধর্মী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ইউরোপের সমকালীন নাচ, হিপ হিপ ও বাঙালি শাস্ত্রীয় নৃত্যের মেলবন্ধনে সাজানো হয়েছিল এ পরিবেশনা। বিচিত্র নাচের মাধ্যমে উপস্থাপন করা হয় নারী-পুরুষের সম্পর্ক, পরিবেশ, মানবাধিকারসহ নানা বিষয়। বাংলাদেশে সমকালীন নৃত্যধারার প্রচার ও প্রসারে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আঁলিয়স ফ্রঁসেজ ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট।সংগঠন দুটি ‘ড্যান্স ইন রিজোন্যান্স’ শিরোনামে দুই সপ্তাহের একটি সমকালীন নৃত্য কর্মশালা পরিচালনা করে। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে সিটি ব্যাংক। কর্মশালাটি পরিচালনা করেন দুই প্রখ্যাত ফরাসি ও জার্মান নৃত্যশিল্পী সামিন আকিকা ও অ্যান্ডি জনড্যাগ। কর্মশালায় সমকালীন নৃত্যের ওপর তাঁরা প্রশিক্ষণ দেন সাধনা, শিল্পকলা একাডেমী ও চট্টগ্রামের মায়াবী নৃত্যগোষ্ঠীর তরুণ প্রজন্মের নৃত্য শিক্ষার্থীদের। সেই প্রশিক্ষণেরই পরিবেশনা নৃত্যের অনুরণন। আগামী শনিবার সন্ধ্যায় পরিবেশনাটি আবার পরিবেশিত হবে চট্টগ্রামের মুসলিম হলে।