প্রাচ্য চিত্রকলায় পুরস্কার পেলেন ৫ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ষষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী’তে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সঙ্গে অতিথিরা l ছবি : প্রথম আলো
‘ষষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী’তে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সঙ্গে অতিথিরা l ছবি : প্রথম আলো

‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে দলীয় নৃত্য দিয়ে শুরু হলো প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী। চারুকলার বকুলতলায় ছিল মূলত তার উদ্বোধনী আলোচনা। চিত্রকলার এ ধারাটিকে সব থেকে সহজে ধরে ফেলতে পারেন সাধারণ মানুষ। চিত্ররসিক থেকে শুরু করে যেকোনো মানুষের কাছে তাই এ ধারার চিত্রকর্ম পছন্দের। এই ধারাটির জন্য এ বছর থেকে প্রবর্তিত হলো পুরস্কার।
গতকাল বিকেলে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ষষ্ঠ প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী। বকুলতলায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, অতিথি শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পরসিক মিখাইল আই ইসলাম, ভারতের কলকাতার গ্যালারি ইমেজ অ্যান্ড বিয়ন্ডের কিউরেটর শারদ দুগার ও শিল্পী সমীর রায়। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা।
জয়নুল গ্যালারির এ প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন মাধ্যমে আঁকা ৯৬টি চিত্রকর্ম। এগুলো এঁকেছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী, এ ধারার নবীন-প্রবীণ ৩৭ জন দেশি ও ভারতের ১৭ জন শিল্পী। এ রীতির শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চলতি বছর থেকে পুরস্কারের প্রবর্তন করেছেন আয়োজকেরা। এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন নিপা রাণী সরকার, রায়হান আহমেদ ও সামিনা জামান। বিশেষ সম্মাননা পেয়েছেন আবু আহমেদ ও হাসুরা আক্তার। প্রথম পুরস্কারপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপা জানালেন, শৈশব থেকেই জলরঙে ছবি আঁকেন তিনি। মামাকে দেখে প্রাচ্য চিত্রকলায় আগ্রহী হয়ে উঠেছিলেন। নিজের আঁকা সন্তানের মতো ছবিগুলো তিনি বিক্রি করতে চান না। অনেকগুলো ছবি জমলে একক চিত্র প্রদর্শনী করার ইচ্ছে আছে।
আসছে রোববার পর্যন্ত চলবে প্রদর্শনী। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।