প্রাচ্যনাট স্কুলের 'টোকোলশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে টোকোলশ নাটকের মঞ্চায়ন শেষে অতিথিদের সঙ্গে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিংয়ের শিল্পীরা l ছবি: প্রথম আলো
পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে টোকোলশ নাটকের মঞ্চায়ন শেষে অতিথিদের সঙ্গে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিংয়ের শিল্পীরা l ছবি: প্রথম আলো

গল্পের প্রেক্ষাপট যদিও দক্ষিণ আফ্রিকার সাদা-কালো বিভেদ ও শ্রেণিসংগ্রাম নিয়ে কিন্তু গল্পটি পড়ার পর মনে পড়ে যায় এ দেশের গোবিন্দগঞ্জের নিপীড়িত সাঁওতালদের সংগ্রামের কথা। মনে পড়ে লংগদুর চাকমাদের ঘরবাড়িতে দেওয়া আগুন ও পুড়ে কয়লা হয়ে যাওয়া মৃতদেহ। মনে পড়ে চুনারুঘাটের শ্রমিকদের রুখে দাঁড়ানোর কথা।

গেল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে টোকোলশ নাটকের মঞ্চায়নের সময় এমন মন্তব্য করেন নির্দেশক বিলকিস জাহান। সেদিন ছিল প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩২তম ব্যাচের সনদ বিতরণের অনুষ্ঠানে সমাপনী প্রযোজনা হিসেবে টোকোলশ নাটকের মঞ্চায়ন।

রোনাল্ড সেগালের লেখা নাটকটির অনুবাদ ও নাট্যরূপ অর্পিতা ঘোষ। নির্দেশক বিলকিস জাহানের প্রথম প্রয়াস এটি।

টোকোলশ নাটকের শুরুতে দেখা যায়, পরিচয়পত্র ও ট্যাক্স দেওয়া নিয়ে পুলিশ যখন-তখন কালোদের অত্যাচার করে। একপর্যায়ে অত্যাচারী পুলিশ তল্লাশি করার নামে পিটারের বাবাকে ধরে নিয়ে যায়। পিটার ফুঁসে ওঠে। পুলিশ পিটারকে রাইফেলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। এরপর থেকেই পিটার টোকোলশকে দেখতে পায়। টোকোলশ এক আধ্যাত্মিক অবয়ব, কালোদের বুকের শক্তি। ঘটনাক্রমে কালোদের সংগ্রামের জীবন শুরু হয়। শরীরের শেষ বিন্দু দিয়ে তারা লড়ে যায়। সবার বুকের মধ্যে থাকা টোকোলশ জেগে ওঠে।