প্রাচ্যনাটের অন্দরযাত্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নেমেছে। চারদিকে একেবারে হুলস্থুল কারবার। সবার মধ্যেই দারুণ এক কর্মচঞ্চলতা। যে যাঁর মতো ব্যস্ত, কেউ মেকআপ নিচ্ছেন, কেউ বা চরিত্রের সংলাপ আওড়াচ্ছেন। পরিচালকের নির্দেশনাগুলোও পুনরাবৃত্তি করতে দেখা গেল কাউকে কাউকে। নাটক শুরুর আগে গ্রিনরুম বা সাজঘরে যা ঘটে, তা-ই পর্দায় ভেসে উঠল। দর্শক সরাসরি সম্প্রচারের সেই দৃশ্যে দেখল নাটকের পেছনের কিছু ঘটনা। প্রাচ্যনাটের ১৫ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মজার মজার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির নাম ‘অন্দরযাত্রা’। নাটকের পরিবেশনার বাইরে অন্দরে বা ভেতরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাই দর্শককে দেখানো হলো এই অনুষ্ঠানে।শুরুতেই প্রাচ্যনাটের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দর্শকদের। প্রবেশমুখ দিয়ে যেতে যেতে চোখে পড়ে বর্ণিল আয়োজন। পরীক্ষণ থিয়েটারে প্রবেশের আগের কক্ষটিতে গত ১৫ বছরের বিভিন্ন নাটকের ছবি আর পোস্টার সাঁটানো হয়েছে দেয়ালে দেয়ালে। সহজেই অতীত ফিরে এসেছিল এখানে। থিয়েটারকর্মীদের দলীয় পরিবেশনার সঙ্গে সঙ্গে বেজে উঠল নানা বাদ্যযন্ত্র। নাট্যকর্মীদের নিয়ে কীভাবে দলীয় অনুশীলন করা হয়, তা দেখানো হচ্ছিল এখানে। পাশেই একটি পর্দায় ভেসে উঠছিল প্রাচ্যনাটের বিভিন্ন সদস্যের মুখ আর তাঁদের জবানিতে কিছু কথা। পরিচয় দিয়ে প্রাচ্যনাটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা বলছিলেন তাঁরা।একসময় সামনে এল গা-ছমছম করা এক পরিবেশ। থিয়েটারের মূল মঞ্চের ওপর অনেক পোশাক ঝুলছে। হঠাৎ করে দেখলে বুক ধড়ফড় করে। মনে হয় যেন একসঙ্গে অনেক মানুষ ফাঁসিতে ঝুলছে! কিন্তু তেমন কোনো ভয়ের ব্যাপার নয়। প্রাচ্যনাটের পরিবেশনার কাজে বিভিন্ন সময়ে ব্যবহূত রকমারি পোশাক ও ব্যবহার হওয়া অনুষঙ্গই এখানে দেখানো হচ্ছিল। কত বিচিত্র সেগুলো, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।থিয়েটারের মূল মঞ্চে চলছে অনুশীলনের পর্ব। অভিনয় যথার্থ হচ্ছে না, আবার করতে হবে। যতক্ষণ নির্দেশকের মনমতো না হয়, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। এভাবে থিয়েটারে নাট্যকর্মীরা কীভাবে গড়ে ওঠেন, তা-ই দেখানো হলো এখানে।মূল মঞ্চের পেছনেও দেখা গেল একদল কর্মব্যস্ত মানুষকে। পরিবেশনার আগে বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করে দেওয়াই তাঁদের কাজ। নাটক শুরু হওয়ার আগে তাঁদের চোখমুখের অভিব্যক্তি কেমন হয়, তা দর্শক কখনোই দেখতে পারে না। এবার তাঁদেরই দেখল দর্শক।এভাবে একের পর এক চমক দেখতে দেখতে দর্শক যখন পেছনের করিডর দিয়ে নেমে যাবে, তখনই বেজে উঠল প্রাচ্যনাটের জনপ্রিয় গান ‘অখণ্ড বিশ্বে অনন্ত আকাশতলে’। একটি স্থানে দেখা গেল প্রয়াত মঞ্চের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদির প্রতিকৃতি। তাঁদের হাতে যে ফুল ছিল, সেই ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হলো ফরীদিকে। অনুষ্ঠানও উৎসর্গ করা হলো তাঁর উদ্দেশে। দর্শকের চোখেমুখে তখনো বিস্ময়ের ঘোর। অন্দরের খুঁটিনাটি দেখতে দেখতে তারা চলে গেছে ভিন্ন এক জগতে।প্রাচ্যনাটের যোগাযোগ কর্মকর্তা ঋতু সাত্তার জানালেন, সাধারণত একটি পরিবেশনার আগে দর্শক দেখে যে আমরা কিছু পোস্টার আর ব্যানার ছেপেছি, মঞ্চে পরিবেশন করছি, ব্যস! কিন্তু এর বাইরে অনেক কিছু মিলে তবেই সফল হয় অনুষ্ঠান।‘অন্দরযাত্রা’র মাধ্যমে দর্শকদের সেই সব অদেখা দৃশ্যের খুব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের ভেতরের অনুভূতি তাদের সঙ্গে ভাগাভাগি করার প্রয়াসেই এই ‘অন্দরযাত্রা’ সাজানো হয়েছিল।