প্রাণ রায় ও শাহানাজ খুশী। দুজনই প্রাচ্যনাটের শুরুর দিকের সদস্য। টিভিতে জনপ্রিয় হয়েছেন আঞ্চলিক ভাষার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তাঁদের সেই উত্তরণের গল্প শুনি।
প্রাণ-খুশী
শাহানাজ খুশী। পাবনার ভাষায় হড়বড় করে কথা বলে যাওয়া সেই মেয়েটি। পাবনার আঞ্চলিক ভাষার চরিত্রে ঘরকুটুম নাটক দিয়ে তাঁর যাত্রা শুরু। অন্যদিকে প্রাণ রায়ের শুরু এরও আগে, গহরগাছি নাটক দিয়ে। তবে তিনি জনপ্রিয় হন রঙের মানুষ নাটকে কাজ করার পর। দক্ষিণাঞ্চলের ভাষায় আলাভোলা সেই ‘দুবলো’র চরিত্র করেই সবার মন জয় করে নিয়েছিলেন। এরপর যেকোনো চরিত্রের জন্য নিজেকে প্রতিষ্ঠা করলেও আঞ্চলিক ভাষার চরিত্রে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। বরিশাল, নড়াইল, মানিকগঞ্জ, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া—নানা অঞ্চলের ভাষায় কাজ করেছেন প্রাণ ও খুশী। ‘আমাদের দেশে ১০ মাইল পর পরই একটা ভিন্ন ধরনের ভাষা। সেই সব ভাষার টানগুলো কী যে মিষ্টি, তা অনুভব না করলে বোঝা যায় না। এই বৈচিত্র্যগুলো আমার খুব ভালো লাগে।’ বলছিলেন শাহানাজ খুশী। ‘আমি আবার কোনো ভাষা শুনলেই সে রকম করে বলতে চেষ্টা করি। তবে আমি যে ভাষার নই, সেটা কখনোই শতভাগ দিতে পারব না। তাই আমি স্থানীয় অথবা ওই এলাকার লোকজনের কাছ থেকে পুরো চিত্রনাট্যটা তাদের ভাষায় অনুবাদ করিয়ে নিই।’ প্রাণ রায় বললেন, ‘আঞ্চলিক ভাষার মজা যে টানটা, সেটা পুরোপুরি চিত্রনাট্যে তুলে আনা দুরূহ। তাই চিত্রনাট্যে একবার চোখ বুলিয়ে অভিনয়ে নেমে যাওয়াটা সম্ভব নয়। আঞ্চলিক ভাষার চরিত্র করতে হলে অনেক অনুশীলন করা দরকার। শুধু স্ক্রিপ্ট-নির্ভর হয়ে সেই আবেদন আনা কখনোই সম্ভব নয়।’ শাহানাজ খুশী বললেন, রূপসী টেইলার্স-এ কাজ করার পর অনেকেই জানতে চেয়েছে, আমার বাড়ি বরিশালে কি না। সম্প্রতি রাজশাহীর ভাষায় আমার কাজ দেখে জর্জ ভাই তো নিশ্চিত যে আমার বাড়ি রাজশাহী ছাড়া অন্য কোথাও নয়। তবে আমি আমার পাবনা এলাকার ভাষা বলে জনপ্রিয় হয়েছি, এটা আমার কাছে বড় পাওয়া।’ প্রাণ রায়ের অবস্থাও অনেকটা সে রকমই। তাঁর বাড়ি বাগেরহাটে হলেও কুষ্টিয়া, যশোর, নোয়াখালী, রংপুর, ঢাকা—প্রতিটি অঞ্চলের মানুষই মনে করে, প্রাণ তাদের এলাকার মানুষ। নইলে তাদের ভাষা তিনি এত ভালো বলেন কীভাবে! ‘আমি সামনে বরিশালের ভাষায় কাজ করব। তাই বাসার কাজের মেয়ের সঙ্গে বেশি বেশি কথা বলছি, যাতে ওর বরিশালের টানটা আমি ধরতে পারি। কেউ যখন বলে, প্রাণ রায় অনেক ভাষায়, অনেক রকমের চরিত্রে অভিনয় করতে পারে, সেটাই আমার অনেক বড় পাওয়া।’ বললেন প্রাণ রায়।চরিত্র নিয়ে এত ভাবেন, কষ্ট করে কাজ করেন, আত্মতৃপ্তি আসে? ‘সত্যি বলতে কি, আগের মতো আর আত্মতৃপ্তি পাই না। কাজটা ভালো হলো কি খারাপ হলো, অনেক পরিচালক সেটাও বোঝেন না। দেখা গেল, আমি হয়তো বুঝতে পারছি, আমার কাজটা হয়নি; কিন্তু পরিচালক বলছেন, যা দিয়েছেন দিয়েছেন। আর দরকার নেই।’ প্রাণ বললেন, ‘এখন দুই ধরনের পরিচালক আছেন। এক দল শিল্প খোঁজে, আরেক দল ব্যবসা। দ্বিতীয় দলের কাছে ফুটেজ সংগ্রহই প্রধান লক্ষ্য। ভাগ্য ভালো যে আমাদের দুজনের শুরু হয়েছিল সালাহউদ্দিন লাভলুর মতো পরিচালকের হাত ধরে।’অনেকে তো আঞ্চলিক ভাষা বলতে গিয়ে বিকৃত উচ্চারণ করে, এটা কি কোনো খারাপ প্রভাব ফেলছে না? ‘অনেকেই প্রস্তুতি না নিয়ে অভিনয় করতে নেমে যায়। বিকৃত উচ্চারণ শুনতেও বিরক্তি লাগে, ওই জনপদকেও অসম্মান করা হয়। এমনটা করা উচিত নয়। আমি এ জন্য দোষ দেব পরিচালকদের। লাভলু ভাই ভাষাটা না হওয়া পর্যন্ত বারবার অনুশীলন করিয়ে নেন।’ বলছিলেন খুশী। প্রাণ বললেন, ‘ভাষা হচ্ছে একটা চরিত্রের ২০-৩০ শতাংশ। বাকিটা অভিনয় ও অন্যান্য। অনেকে ভাষার প্রতি মনোযোগ দিতে গিয়ে চরিত্রটাকেই দাঁড় করাতে ব্যর্থ হয়।’