প্রাণ রায়-সুমাইয়া শিমু এখন সিঁদেল চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ রায় এখন সবকিছু ছেড়ে চুরির পেশায় নেমেছেন। গ্রামের মানুষের হাঁড়ি-পাতিল, শাড়ি-চুড়ি যা-ই আছে, সবই খোয়া যাচ্ছে প্রাণ রায়ের কারণে। গ্রামে কিছু হারানো গেলেই সবাই আগে প্রাণ রায়কে খুঁজছে। ধরা পড়ার পর গ্রামবাসীর কাছে একচোট, পরবর্তী সময়ে পুলিশের কাছে কিল-ঘুষি খেতে হচ্ছে তাকে। সিঁদেল চোরের এমনই একটি চরিত্রে প্রাণ রায় অভিনয় করছেন। রুহুল আমিনের গল্প, মিশু মিলানের চিত্রনাট্য, রেইনট্রির প্রযোজনায়, শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ঈদের এই নাটকের নাম হাত টান। এ নাটকেই প্রাণের স্ত্রী রেহানার চরিত্রে অভিনয় করছেন সুমাইয়া শিমু। শিমুও নাটকে প্রাণকে চুরির কাজে সহযোগিতা করেন। নাটকের সেটে শিমু-প্রাণের মেকআপ দেখে অনেকেরই তাঁদের চিনতে কষ্ট হতো। এ রকমই একদিন মীর সাব্বির সেটে এসেছিলেন শুটিং দেখতে। সাব্বিরও শিমুকে দেখে চিনতে পারেননি। অবাক হয়ে শিমু এসে সালাম দেন। সাব্বির সালামের উত্তর দিয়ে পরিচালকের সঙ্গে পুনরায় কথা বলা শুরু করেন। শিমু তখন রাগ করে বলেন, সাব্বির, আমি শিমু! সুমাইয়া শিমু। বিস্ময়ে সাব্বির তখন শুধু হাঁ করে চেয়ে থাকেন!