প্রাণবৈচিত্র্যনির্ভর গ্রামীণ জীবনের প্রদর্শনী
গোটা প্রদর্শনীতে প্রাণবৈচিত্র্যনির্ভর গ্রামীণ জীবনের উপস্থিতি। অনেকেই চোখে দেখেননি, এমন সব উপকরণও আছে সেখানে। সুন্দরবন, চর, শালবন, পাহাড় ও হাওরাঞ্চলের প্রাণসম্পদ, বিভিন্ন অঞ্চলের নিড়ানি যন্ত্র, গ্রামীণ তাঁত আরও কত কী! ঢাকার দৃক গ্যালারিতে ‘প্রাণ ও প্রকৃতির আহ্বান’ নামে এই প্রদর্শনী শুরু হয়েছে গত সোমবার থেকে। বেসরকারি উন্নয়ন গবেষণা-প্রতিষ্ঠান বারসিক এর আয়োজক।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসর্গী লেখক দ্বিজেন শর্মা, জলবায়ুবিষয়ক উপদেষ্টা সুজিৎ চৌধুরী, প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন, বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেন, পাভেল পার্থ প্রমুখ।প্রদর্শনীতে ব্যবহূত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কুড়িয়ে পাওয়া অচাষকৃত খাদ্য হিসেবে ব্যবহূত ২৫০ প্রজাতির উদ্ভিদের হার্বেরিয়াম ও জীবন্ত নমুনা, দেশীয় নানা জাতের ধানের নমুনা, ৩৩ দেশীয় ধানের কল্পকথা, ছয় রকমের জুম ধান, দানাজাতীয় শস্যসহ নানা ধরনের বীজ, কৃষি উপকরণ, আগাছানাশক হিসেবে ব্যবহূত সর্বনাশা রাসায়নিকের নমুনা, বনজ আলু ও খাদ্য, গ্রামীণ গৃহস্থালি উপকরণ, খনার বচন, মৈয়মনসিং গীতিকা, ভাওয়াইয়া, ধামাইল, ব্রতকথা, প্রবাদ, লোককথা, আদিবাসী কাহিনি, লোকজ আলপনা ও মোটিফ, মাটি ও বাঁশ-বেতের সামগ্রী, কাগজ-শোলা-ধাতব পদার্থ, বিভিন্ন অঞ্চলের মাটি ও পাথর, পাট, সুতা, শণ-কাশ-পাটশোলা, তৈরি ফ্রেম, আলোকচিত্র, সরাচিত্র ও পটচিত্র। প্রদর্শনীটি শেষ হবে আজ। প্রদর্শনী চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।