
তাঁদের দুজন বাংলাদেশের শিল্পী। সুকান্ত চক্রবর্তী ও সেঁজুতি বড়ুয়া ছাড়াও এ দলে আছেন ভারতের একজন, অভিজিৎ মজুমদার। দুই দেশের এই তিন তরুণকে এক করল ঠাকুরবাড়ির গান। না, ঠাকুরবাড়ির গান মানে রবীন্দ্রসংগীত নয়। তবে?
অভিজিৎ বলেন, ‘রবীন্দ্রনাথ তো মহিরুহ। একাই লিখেছেন দুই হাজারের বেশি গান। আমরা বলছি ঠাকুরবাড়ির অন্যদের কথা।’
রবীন্দ্রনাথের ভাই দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ, বোন স্বর্ণকুমারী দেবী—সবাই গান লিখেছেন। ধ্রুপদ-ধামারে বাংলা কথা বসিয়ে গান লিখেছেন তাঁদের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরও। তাঁদের অনুসরণ করেছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি দিনেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথের আরেক ভাই বীরেন্দ্রনাথের পুত্র বলেন্দ্রনাথ, স্বর্ণকুমারীর কন্যা সরলা দেবী, হেমেন্দ্রনাথের কন্যা প্রতিভা দেবীরা। এ ছাড়া এ দলে আছেন ঠাকুরবাড়ির আরও কয়েকজন।
ঠাকুরবাড়ির মোট গানের সংখ্যা কত? সুকান্ত-অভিজিৎদের অনুমান, প্রায় দেড় হাজার। সঠিক হিসাব নেই। হিসাব করা সহজও নয়। আদি ব্রাহ্মসমাজ প্রকাশিত ব্রহ্মসঙ্গীত স্বরলিপি থেকে ঠাকুরবাড়ির ৩০টির মতো গান পাওয়া যায়। বাকি গানগুলো পেতে খোঁজ করতে হয় ভারতী, সাধনা, আনন্দসঙ্গীত, সঙ্গীত প্রকাশিকা, বীণাবাদিনীর মতো পুরোনো পত্রিকাগুলোতে। সেখানেই স্বরলিপিসহ ছাপা হতো ঠাকুরবাড়ির গান। বিশ্বভারতীর অনুমতি নিয়ে তাঁদের পাঠাগার থেকে এখন পর্যন্ত তিন শর মতো গান সুকান্ত ও অভিজিৎ জোগাড় করতে পেরেছেন।
ঠাকুরবাড়ির গান কেন এত গুরুত্বপূর্ণ?
সুকান্ত বললেন, ‘ঠাকুরবাড়ির গান প্রথম বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানের যতগুলো ঝরনাধারা আছে, ঠাকুরবাড়ির গানে অবগাহন করলে সবগুলো ধারা যেন আমার ওপর বর্ষিত হয়। এতে হিন্দুস্তানি ধ্রুপদ-ধামার আছে, কর্ণাটকি সংগীত, খেয়াল, আখড়াই গান, কীর্তন, টপ্পা, ইউরোপীয় সুর, লোকসুর সব আছে।’ অভিজিৎ বলেন, ‘বাংলা গানে এত ধরনের পরীক্ষা-নিরীক্ষা এই ঠাকুরবাড়িতেই প্রথম হয়েছে।’
অন্যদিকে সেঁজুতি বললেন, ‘রবীন্দ্রনাথের সংগীতগুরু ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। প্রথম দিকে ভাইয়ের ওপর অনেক নির্ভরশীল ছিলেন। এমনও গান আছে, জ্যোতিরিন্দ্রনাথের সুরে চার ভাই দ্বিজেন্দ্র, সত্যেন্দ্র, জ্যোতিরিন্দ্র ও রবীন্দ্র চারটি গান লিখেছেন। সংগীতের প্রজ্ঞা রবীন্দ্রনাথ পেয়েছেন ঠাকুরবাড়ির থেকেই। তাই রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ হলেন, সেটা বুঝতে হলেও ঠাকুরবাড়ির গান শোনা গুরুত্বপূর্ণ।’
না, গান জোগাড়ের প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না। অত পুরোনো পত্রিকা দেখতে হলে অনেক নিয়মকানুন, আবেদনের ঝড়ঝাপটা সামলে মাত্র ৫টি করে গান একবারে লিখে নিতেন তাঁরা। সুকান্ত বললেন, ‘পত্রিকাগুলো অত পুরোনো যে ধরা যায় না। পাতা ওলটাতে গেলে ছিঁড়ে যায়।’ পরে যখন কর্তৃপক্ষ দেখলেন, সেখান থেকে গান নিয়ে সুকান্ত-অভিজিতেরা বিভিন্ন অনুষ্ঠানে গাইছেন, টিভিতে সেসব গান শুনছে মানুষ, তখন বিধিনিষেধ বেশ শিথিল হলো। এখন বিশ্বভারতী কর্তৃপক্ষ অনেক সহযোগিতা করছে।
এই তিন তরুণের রবীন্দ্রসংগীতের যৌথ অ্যালবাম বেরিয়েছে রাত বলেছে যাই...। বের করেছে সুকান্ত ও অভিজিতের রয়েছে আরও দুটি যৌথ অ্যালবাম। রবীন্দ্রসংগীতের অ্যালবাম আমরা না-গান-গাওয়ার দল বেরিয়েছে কলকাতার হিন্দুস্থান রেকর্ডস থেকে, আর ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন বের করেছে দিনেন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আমার বেদনা লহ বুঝি অ্যালবামটি। দুটোই বিশ্বভারতীর আর্কাইভে স্থান পেয়েছে।
সুকান্ত ও অভিজিৎ প্রায় একসঙ্গে বললেন, ‘এ দুটো অ্যালবামেও সেঁজুতি ছিলেন।’ কলকাতায় অ্যালবাম রেকর্ডের সময় ঢাকা থেকে নিয়মিত যোগাযোগ হতো তাঁদের। চলত গানের ব্যাপারে খোঁজখবর, গায়কি নিয়ে সলাপরামর্শ। সেঁজুতির সাহচর্য তাঁদের শক্তি জুগিয়েছে।
ঠাকুরবাড়ির গান নিয়ে তাঁরা কিছু তথ্য জানালেন। গীতবিতান-এ এমন অন্তত ২১টি গান আছে, যেগুলোর সুর জ্যোতিরিন্দ্রনাথ দিয়েছেন। এমন কয়েকটি গান হচ্ছে ‘আয় তবে সহচরী’, ‘গহন কুসুম কুঞ্জমাঝে’, ‘তোমরা হাসিয়া বহিয়া খেলিয়া যাও’, ‘গেল গো—ফিরিল না’। অন্যদের সুর বা কথা, এমন গোটা দশেক গানও গীতবিতান-এ মেলে। সুকান্ত বললেন, ‘রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন, তাঁর সবগুলো গান এক জায়গায় করতে গিয়ে তাড়াহুড়োতে অন্যদের কয়েকটি গান থেকে যেতে পারে। আরেকটি তথ্য হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও ঠাকুরবাড়ির গান আছে। ১৯৭১ সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র সৌম্যেন্দ্রনাথ গান লিখেছিলেন, ‘শোন বাংলার জনসমুদ্রে জোয়ারের হুংকার’।
নিজেদের শিক্ষালয়ে এই তিন গুণী শিল্পীই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঠাকুরবাড়ির গান নিয়ে পাড়ি দিতে চান বহুদূর। পাশাপাশি করেন তিন কবির গান, আধুনিক গানও। বাংলা গানের ধারা নিয়ে কাজ করার অনেক আগ্রহ তাঁদের। পরের পরিকল্পনা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গানের একটি অ্যালবাম বের করা। এর কাজও তাঁরা শুরু করে দিয়েছেন। আর এ জন্য আন্তরিক পৃষ্ঠপোষকতা চান।