প্রাণের খেলায় গাইলেন শ্রেয়সী ও বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল শিল্পালয়ে প্রাণের খেলা সংগীত আসরে গান করছেন বুলবুল ইসলাম l প্রথম আলো
বেঙ্গল শিল্পালয়ে প্রাণের খেলা সংগীত আসরে গান করছেন বুলবুল ইসলাম l প্রথম আলো

কেউ বর্ষার গান গাইলেই বৃষ্টি নামে না। তবে গতকাল সন্ধ্যায় নেমেছিল। বুলবুল ইসলাম ‘সঘন গহন রাত্রি’ গানটি শেষ করতেই মুষলধারে বৃষ্টি। মেঝেতে বসে দুলে দুলে রবীন্দ্রনাথের গান শুনছিলেন যাঁরা, তাঁরা জানেনই না যে বাইরে বৃষ্টি নেমেছে।
গান শুরুর আগেই শিল্পী বলছিলেন, এই গান রবীন্দ্রনাথ লিখেছিলেন শৈলজারঞ্জনের অনুরোধে। শুরুতে এই রাগে বর্ষার গান লিখতে অবশ্য অস্বীকৃতি জানিয়েছিলেন কবিগুরু। গান শুরুর আগে বুলবুল ইসলামের সঙ্গে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। শৈলজারঞ্জনের কাছে টুকটাক তালিম নেওয়ার সৌভাগ্য হয়েছিল এই শিল্পীর। তাঁর গান নিয়ে ওয়াহিদুল হকের একটি প্রশংসাসূচক লেখাও পড়ে শোনান তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। এর আগে এই আয়োজন করা হয়েছিল ২৮ মে ও ৯ জুন। সেই দুদিন যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনিয়েছিলেন অন্য শিল্পীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করতেই এই আয়োজন। আর এবার গান শোনালেন বুলবুল ইসলাম ও চট্টগ্রাম থেকে আসা শিল্পী শ্রেয়সী রায়। আয়োজকদের প্রত্যাশা, রবীন্দ্রনাথের গানের চেতনাধারায় স্নাত হয়ে অফুরান প্রাণশক্তি নিয়ে সবাই মিলে সামনে এগিয়ে যাবেন শ্রোতারা।
অনুষ্ঠানের শুরুতে শ্রেয়সী রায় ‘কত অনাদরে জানাইলে তুমি’, ‘অসীম ধন তো আছে তোমার’, ‘আমি যখন ছিলেম অন্ধ’, ‘আমার যা আছে আমি সকল’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানগুলো গেয়ে শোনান। বুলবুল ইসলাম ‘তিমির-অবগুণ্ঠনে’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি তখন ছিলেম মগন’, ‘শ্রাবণের পবনে আকুল’, ‘আমার প্রিয়ার ছায়া’সহ আরও বেশ কয়েকটি গান গেয়ে শোনান। আর হ্যাঁ, শুরুতে বলা ‘সঘন গহন রাত্রি’ গানটি তো ছিলই!